অবশেষে সরকার গঠনের পথে বিজয়
-
আপলোড সময় :
০৮-০৫-২০২৬ ০৫:৫৩:২১ অপরাহ্ন
-
আপডেট সময় :
০৮-০৫-২০২৬ ০৫:৫৩:২১ অপরাহ্ন
তামিলনাড়ুর রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়ে সরকার গঠনের পথে এগিয়ে গেছেন অভিনেতা থালাপতি বিজয়। বিভিন্ন দলের সমর্থন নিয়ে তার দল টিভিকে এখন ১১৮ আসনের সমর্থন নিশ্চিত করেছে বলে জানা গেছে।
শুক্রবার (৮ মে) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় চেন্নাইয়ে বিজয়ের বাসভবনের বাইরে সমর্থকদের ‘টিভিকে, টিভিকে’ স্লোগান দিতে দেখা যায়। ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হওয়ার পরই তিনি রাজ্যপাল আর ভি আরলেকার সাথে দেখা করে সরকার গঠনের দাবি জানাতে পারেন।
বিধানসভা নির্বাচনে প্রথমবার অংশ নিয়েই টিভিকে ২৩৪ আসনের মধ্যে ১০৮টি আসনে জয় পায়। এর মাধ্যমে দীর্ঘ ৬২ বছর ধরে তামিলনাড়ুর রাজনীতিতে প্রভাব ধরে রাখা ডিএমকে ও এআইএডিএমকে এর আধিপত্যে বড় ধাক্কা লাগে।
তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত না হওয়ায় শুরুতে টিভিকেকে আমন্ত্রণ জানাতে রাজি হননি রাজ্যপাল। তিনি স্পষ্ট করে জানান, ২৩৪ সদস্যের বিধানসভায় সরকার গঠনের জন্য অন্তত ১১৮ সদস্যের সমর্থনের প্রয়োজন।
বিজয়ের দলের নির্বাচিত সদস্য সংখ্যা ছিল ১০৮। নিজেকে বাদ দিলে তার হাতে ছিল ১০৭ জন বিধায়ক। ফলে সরকার গঠনের জন্য আরও অন্তত ১০টি আসনের সমর্থন দরকার ছিল।
শেষ পর্যন্ত ভিসিকে এবং বামপন্থি দলগুলোর সমর্থনে সেই ঘাটতি পূরণ হয়েছে বলে রাজনৈতিক সূত্রগুলো জানিয়েছে। রাজ্যপালের কাছে সরকার গঠনের আবেদনের পরই বিজয় সমঝোতার বিষয়ে বিস্তারিত জানাবেন বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হচ্ছে।
কমেন্ট বক্স