সাড়ে তিন দশক পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন
সাড়ে তিন দশক পর আবারও একাধিক প্রার্থীর মধ্যে সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে বাংলাদেশে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হবে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট দেবেন জাতীয় সংসদের ৩৪৯ জন সদস্য। ভোট শেষে শুরু হবে গণনা, আর ফল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
এবারের নির্বাচনে মুখোমুখি হয়েছেন বর্তমান সরকারি দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ড. অলি আহমদ বীর বিক্রম।
১৯৯১ সালের পর এবারই প্রথম একাধিক প্রার্থীর মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে। এর আগে দীর্ঘ তিন দশক ধরে সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের মনোনীত প্রার্থীরাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে আসছিলেন।
রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী, প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনী কর্তা হিসেবে পুরো ভোট প্রক্রিয়া পরিচালনা করছেন। সংবিধানের ৪৮(১) অনুচ্ছেদ অনুযায়ী, জাতীয় সংসদ সদস্যরাই রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার।
নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটগ্রহণ হবে ওপেন ব্যালটে। অর্থাৎ কে কোন প্রার্থীকে ভোট দিয়েছেন, তা ভোটকক্ষে উপস্থিত ব্যক্তিদের কাছে দৃশ্যমান থাকবে। ভোটগ্রহণ শেষে বিকেল ৫টার পরপরই শুরু হবে ভোট গণনা। পুরো প্রক্রিয়াই থাকবে স্বচ্ছতার আওতায়।
ঘোষিত তফসিল অনুযায়ী, ১৩ আগস্ট তিনটি মনোনয়নপত্র জমা পড়ে। এর মধ্যে ড. অলি আহমদের পক্ষে দুটি এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে একটি মনোনয়নপত্র ছিল। যাচাই-বাছাই শেষে তিনটিই বৈধ ঘোষণা করা হলেও একই প্রার্থীর দুটি মনোনয়নপত্রের একটি অতিরিক্ত হিসেবে গণ্য হওয়ায় চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন দুই প্রার্থী। ১৮ আগস্ট প্রত্যাহারের শেষ দিনেও কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি।
১৯৯১ সালে সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী আব্দুর রহমান বিশ্বাস ১৭২ ভোট পেয়ে নির্বাচিত হন। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বদরুদ্দোজা চৌধুরী পান ৯২ ভোট।
এবারের নির্বাচনকে ঘিরে দেশ-বিদেশে রয়েছে বিশেষ নজর। দীর্ঘদিন পর প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচন হওয়ায় নির্বাচন কমিশনের প্রস্তুতিতেও নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। সিইসি জানিয়েছেন, প্রয়োজনীয় মহড়া ও প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। সেই ধারাবাহিকতায় আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই নির্বাচন।
সাড়ে তিন দশক পর সরাসরি ভোটের এই আয়োজন শেষ পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন ব্যবস্থায় নতুন কোনো অধ্যায়ের সূচনা করে কি না—সেদিকেই এখন নজর সবার।
Mytv Online