স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, নোট অব ডিসেন্টসহ জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে সেভাবেই বাস্তবায়ন করা হবে। রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে সংবিধান সংশোধন সম্পর্কিত সংসদীয় বিশেষ কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা বলেছেন।
বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যে সমস্ত রাজনৈতিক দলসমূহ জুলাই সনদে স্বাক্ষর করেছেন তাদের অনেকেই এখানে নোট অব ডিসেন্ট দিয়েছিলেন। তারা সেই বিষয়ে বক্তব্য রেখেছেন।
তিনি বলেন, আগামী ডিসেম্বরের মধ্যেই সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির চূড়ান্ত রিপোর্ট সংসদে উত্থাপন করা হবে। এরপর আলাপ-আলোচনার ভিত্তিতে সংবিধানে ১৮তম সংশোধনী বিল আনা হবে।
সংবিধানের কাঠামোগত পরিবর্তনের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, বিদ্যমান শাসনব্যবস্থা, নির্বাচন, বিচার, জনপ্রশাসন ও পুলিশি ব্যবস্থার সংস্কারে আমরা অঙ্গীকারবদ্ধ। এর মধ্যে বাজেট বা অর্থবছর পরিবর্তনের বিষয়টিও রয়েছে। উন্নয়ন প্রকল্পগুলো সুচারুরূপে সম্পন্ন করতে এবং অপচয় রোধে সরকার জুলাই-জুনের পরিবর্তে ১ এপ্রিল থেকে ৩১ মার্চ পর্যন্ত অর্থবছর নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে। এটি বাস্তবায়নে সংবিধানে পরিবর্তন আনতে হবে।
এ ছাড়া দ্বিকক্ষবিশিষ্ট সংসদের (উচ্চকক্ষ) রূপরেখা তুলে ধরে তিনি বলেন, ১০০ সদস্য নিয়ে উচ্চ কক্ষ গঠনের বিষয়ে অনেক দল একমত। এটি সরাসরি জনপ্রতিনিধি দিয়ে নির্বাচিত হবে না, বরং সংসদে প্রাপ্ত আসনের আনুপাতিক হারে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনদের নিয়ে গঠিত হবে। তবে সংবিধান সংশোধনের ক্ষমতা এই উচ্চকক্ষের থাকবে না।
বিএনপি সংখ্যাধিক্যের কারণে জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না কিছু কিছু রাজনৈতিক দল মাঠের রাজনীতিতে প্রচারণার মাধ্যমে এমন বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে বলে আজ বৈঠকে আলোচনায় উঠে এসেছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, বিএনপি সংখ্যাধিক্যের কারণে জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না যেটা সম্পূর্ণ অসত্য।
আমরা জুলাই জাতীয় সনদ বলেছি, অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব যেভাবে স্বাক্ষরিত হয়েছে সেভাবে। আমরা যত দ্রুত সম্ভব সংবিধান সংশোধনী বিলটা নিয়ে আসার চেষ্টা করব।
আলোচনা শেষে প্রতিবেদন সংসদে উত্থাপন করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
Mytv Online