যুক্তরাষ্ট্রের কাছে একটি চুক্তির প্রস্তাব দিয়েছে ইরান। প্রস্তাবটি স্বাক্ষরিত হলে সাত দিনের মধ্যে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে স্বাভাবিক জাহাজ চলাচল পুনরায় চালুর সুযোগ তৈরি হবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে সাংবাদিকদের সাথে আলাপকালে আরাগচি এ কথা জানান।
আরাগচি বলেন, প্রয়োজনীয় শর্তগুলো পূরণ হলে চুক্তিটি করা সম্ভব। নতুন প্রস্তাবে উল্লেখ করা শর্তগুলো গত জুনে হওয়া ইসলামাবাদ সমঝোতা স্মারকেই রয়েছে বলেও জানান তিনি।
আরাগচি বলেন, যদি প্রয়োজনীয় শর্ত পূরণ হয়, তাহলে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া যেতে পারে। সাত দিনের মধ্যে স্বাভাবিক জাহাজ চলাচল শুরু হতে পারে। প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্র এখন কী করবে, সেটি তাদের ওপর নির্ভর করছে।
তবে যুক্তরাষ্ট্রকে ঠিক কী কী শর্ত পূরণ করতে হবে, তা স্পষ্ট করেননি ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, মার্কিনিদের যে শর্তগুলো দেওয়া হয়েছে, সেগুলো ইসলামাবাদ সমঝোতা স্মারকেই রয়েছে। নতুন কিছু নেই।
অন্যদিকে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ইরানের প্রস্তাবের ব্যাপারে জিজ্ঞেস করা হলে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলেছেন মধ্যস্থতাকারী দেশগুলোর মাধ্যমে ইতিবাচক আলোচনা চলছে। যারমধ্যে পারমাণবিক ইস্যুও আছে।
Mytv Online