ঢাকা , বুধবার, ১১ নভেম্বর ২০২৬ , ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন ৩৫ উড়োজাহাজ কিনছে সরকার: বিমানমন্ত্রী পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠী দ্বারা ৩১৬ জন নিহত: স্বরাষ্ট্রমন্ত্রী উড়াল সেতুতে মোটরসাইকেলে গাড়ির ধাক্কা, সন্তানসহ স্বামী-স্ত্রী নিহত বাংলাদেশে সংঘটিত অপরাধের জবাবদিহিতা এবং রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ নেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে তিন জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন গ্রিস থেকে ফেরত পাঠানো হলো ৫১ বাংলাদেশিকে মিরপুরে তিন বাসে আগুন গাবতলীতে বাসচাপায় ২ নারী নিহত দেশের ভেতরে-বাইরে সম্মিলিতভাবে ষড়যন্ত্র চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, অর্ধশতাধিক কারখানায় ছুটি ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী দণ্ডিত ও পলাতক থাকায় শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি চাওয়ার আইনগত সুযোগ নেই: চিফ প্রসিকিউটর শেখ হাসিনাকে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়াতেই দেশে ফিরিয়ে আনা হবে: উপদেষ্টা জাহেদ ঢাকাসহ তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে মাদরাসায় অগ্নিকাণ্ড: ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪ চিকিৎসায় বিদেশে ৩০ হাজার ডলার পাঠাতে পারবেন বাংলাদেশিরা: কেন্দ্রীয় ব্যাংক

বিচ্ছেদের পরও ৬০ শতাংশ মানুষই ধরে রাখেন প্রাক্তনের সাথে বন্ধুত্ব

  • আপলোড সময় : ২৭-০৯-২০২৬ ১২:৪৪:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৯-২০২৬ ১২:৪৪:৪৯ অপরাহ্ন
বিচ্ছেদের পরও ৬০ শতাংশ মানুষই ধরে রাখেন প্রাক্তনের সাথে বন্ধুত্ব
প্রেমের সম্পর্কটা ভেঙে গেছে। আগের সেই গভীর ভালোবাসা কিংবা অধিকারবোধ হয়তো আর নেই। তবু দিনশেষে একে অপরের খোঁজ নেওয়া থামেনি, অটুট রয়ে গেছে বন্ধুত্বও। কিন্তু কেন? বিচ্ছেদের তীব্র ঝড় বয়ে যাওয়ার পরও কেন অনেকে সাবেক প্রেমিক বা প্রেমিকার সাথে যোগাযোগের সুতোটা ছিঁড়ে ফেলতে পারেন না? কোন মনস্তত্ত্ব কাজ করে এই ‘প্রাক্তন কিন্তু বন্ধু’ সম্পর্কের পেছনে?

মনোবিষয়ক সাময়িকী সাইকোলজি টুডে এক প্রতিবেদনে এর চারটি কারণ তুলে ধরা হয়েছে। কানসাস বিশ্ববিদ্যালয়ের গবেষণাসহ কয়েকটি গবেষণার ভিত্তিতে বলা হয়েছে, কেউ মানসিক স্বস্তির জন্য, কেউ প্রয়োজনে, আবার কেউ পুরোনো ভালোবাসার টানেই সাবেক সঙ্গীর সাথে বন্ধুত্ব রাখেন।

পুরোনো ভরসা ও মানসিক স্বস্তি
সম্পর্কে থাকার সময় দুজনের মধ্যে বিশ্বাস তৈরি হয়। মনের কথা বলা, বিপদে পাশে পাওয়া কিংবা মন খারাপ হলে কথা বলার অভ্যাস গড়ে ওঠে। বিচ্ছেদের পরও সেই অভ্যাস সহজে যায় না। অনেকে তাই সাবেক সঙ্গীর সাথে বন্ধুত্ব রাখেন। কারণ, তার সাথে কথা বললে স্বস্তি লাগে, নিজের কথা বলা যায় এবং একটা পরিচিত মানুষের সঙ্গ পাওয়া যায়। এ ধরনের বন্ধুত্ব ভালো হতে পারে, যদি দুজনই একে অপরকে সম্মান করেন এবং সম্পর্কের নতুন অবস্থাটা মেনে নেন।

প্রয়োজনের কারণে যোগাযোগ
সব সময় ভালোবাসা বা আবেগের জন্য সাবেক সঙ্গীর সাথে বন্ধুত্ব থাকে না। কখনো কখনো প্রয়োজনেও যোগাযোগ রাখতে হয়। যেমন, দুজনের বন্ধুবান্ধব একই হতে পারে। একসাথে কোনো সম্পদ, পোষা প্রাণী কিংবা সন্তানের দায়িত্ব থাকতে পারে। আবার কেউ কেউ সাবেক সঙ্গীর কাছ থেকে আর্থিক বা অন্য কোনো সুবিধাও পেতে পারেন। গবেষণায় দেখা গেছে, শুধু প্রয়োজনের কারণে তৈরি হওয়া বন্ধুত্ব অনেক সময় দীর্ঘস্থায়ী হয় না। তবে এতে দুজনের মধ্যে ভালো সম্পর্ক বজায় থাকতে পারে।

ঝামেলা এড়াতে বন্ধুত্ব
বিচ্ছেদের পর অনেকেই নতুন করে ঝগড়া বা মনোমালিন্যে জড়াতে চান না। তাই সাবেক সঙ্গীর সাথে ভদ্রভাবে কথা বলেন, খোঁজখবর রাখেন এবং বন্ধুত্বপূর্ণ আচরণ করেন। কেউ কেউ মনে করেন, সরাসরি যোগাযোগ বন্ধ করে দিলে অন্যজন কষ্ট পেতে পারেন। আবার একই বন্ধুদের সাথে চলাফেরা করলে অস্বস্তি তৈরি হতে পারে। এসব কারণেও তারা বন্ধুত্ব বজায় রাখেন। তবে শুধু ঝামেলা এড়ানোর জন্য যে বন্ধুত্ব তৈরি হয়, তা বেশির ভাগ সময় দীর্ঘস্থায়ী হয় না।

এখনও ভালোবাসা রয়ে গেছে
বিচ্ছেদ হলেও সবার মন থেকে ভালোবাসা একসাথে চলে যায় না। কেউ কেউ এখনও সাবেক সঙ্গীকে ফিরে পেতে চান। তাই বন্ধুত্বের নাম করে যোগাযোগ চালিয়ে যান। তাদের মনে আশা থাকে, হয়তো একদিন আবার সম্পর্ক ঠিক হবে। কেউ আবার সাবেক সঙ্গীকে অন্য কারও সাথে দেখতে চান না। ফলে পুরোনো সম্পর্ক শেষ হলেও বন্ধুত্ব ছাড়তে পারেন না। তবে একজন যদি শুধু বন্ধুত্ব চান আর অন্যজন যদি আবার প্রেমে ফেরার আশা করেন, তাহলে এই সম্পর্ক থেকে নতুন করে কষ্ট তৈরি হতে পারে।

প্রাক্তনের সাথে বন্ধুত্ব কি খারাপ?
সাবেক প্রেমিক বা প্রেমিকার সাথে বন্ধুত্ব রাখা মানেই যে পুরোনো প্রেম ফিরে আসবে, এমন নয়। কারও ক্ষেত্রে ভালোবাসার অনুভূতি কমে যাওয়ার পরও বন্ধুত্ব থাকতে পারে। আবার কারও বিচ্ছেদ হয় কোনো তিক্ততা ছাড়াই। তাই দুজনের মধ্যে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখাও সম্ভব।

সাইকোলজি টুডের প্রতিবেদনে উল্লেখ করা গবেষণা অনুযায়ী, প্রায় ৬০ শতাংশ মানুষের অন্তত একজন সাবেক প্রেমিক বা প্রেমিকার সাথে বন্ধুত্ব রয়েছে। প্রায় ২০ শতাংশের একাধিক সাবেক সঙ্গীর সাথে বন্ধুত্ব আছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিষমকামীদের তুলনায় এলজিবিটিকিউ ব্যক্তিদের মধ্যে বিচ্ছেদের পর বন্ধুত্ব বজায় রাখার প্রবণতা বেশি দেখা গেছে।

তবে সাবেকের সাথে বন্ধুত্ব রাখার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দুজনের চাওয়া এক কি না। একজন যদি পুরোনো সম্পর্ক ভুলে সামনে এগোতে চান, আর অন্যজন যদি এখনও ফিরে আসার আশা করেন, তাহলে বন্ধুত্ব দুজনের জন্যই কঠিন হয়ে উঠতে পারে।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নতুন ৩৫ উড়োজাহাজ কিনছে সরকার: বিমানমন্ত্রী

নতুন ৩৫ উড়োজাহাজ কিনছে সরকার: বিমানমন্ত্রী