এশিয়ান গেমসে যে ডিসিপ্লিন শেষ হয়, তার খেলোয়াড়-কর্মকর্তারা দেশে ফিরেন দ্রুত সময়ে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন এবার নাগোয়া গেমসের জন্য অধিকাংশ টিকিট কেটেছে থাই ও ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনসের। থাইল্যান্ডে আকস্মিক বন্যায় ফ্লাইট চলাচল বিঘ্ন। এতে টিটি দল দুই দিন ও কাবাডি দল এক দিন বিমানবন্দরে আটকে রয়েছে।
টিটি দলের কোচ মোহসিনুল আলম ঝিনু ব্যাংকক থেকে বাংলাদেশ দলের অবর্ণনীয় কষ্ট সম্পর্কে বলেন, আমরা গত দুই দিন ধরে বোর্ডিং গেটের সামনে বসে রয়েছি। বেশ কয়েকবার থাই এয়ারওয়েজ ফ্লাইট শিডিউল দিয়ে যায়নি। প্রথম দিন সবাইকে প্রতি বেলা ৪০০ বাথ করে দিয়েছিল। গতকাল থেকে সেটাও দিচ্ছে না। রাতে চেয়ারে বসেই পার করতে হচ্ছে।
গত পরশু দিন আকস্মিক বন্যায় ব্যাংককে জনজীবন স্থবির হয়ে যায়। এর প্রভাব পড়ে ফ্লাইটেও। তবে টিটি কোচ বলেন, বাংলাদেশ বিমান, ইউএস বাংলা ফ্লাইট চলাচল করছে। মূলত থাই এয়ারওয়েজ যাচ্ছে না। আমরা অন্য এয়ারলাইন্সে টিকিট পরিবর্তন করে দিতে বললেও দিচ্ছে না।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব জোবায়েদুর রহমান রানা বলেন, আমরা প্রতিনিয়ত কাবাডি ও টিটি দলের সাথে যোগাযোগ করেছি। থাইল্যান্ডে বাংলাদেশ দূতাবাসও এ বিষয়ে অবহিত। ফ্লাইট পরিবর্তনের চেষ্টা চলছে।
বাংলাদেশ দূতাবাস থেকে অবশ্য বাংলাদেশের দুই দলের এখনও তেমন কোনো বার্তা বা সহযোগিতা পাওয়ার তথ্য জানা যায়নি।
আকস্মিক বন্যার কারণে দুই দিন ধরে থাইল্যান্ডের একটি বিমানবন্দরে আটকা পড়েছেন টিটি খেলোয়াড় রামহিম লিয়ান বম, ইমরুল কায়েস ইমন, সোনাম সুলতানা সোমা, নওরিন সুলতানা মাহি, সামান্তা হোসেন তুসি এবং দলের কোচ ও ফেডারেশনের সদস্য মো. মোহসিনুল আলম ঝিনু। বাংলাদেশ দলের ম্যানেজার ও ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. সাইদুল হক সাদী এবং পুরুষ দলের শীর্ষ খেলোয়াড় মুহতাসিন আহমেদ হৃদয় ভিন্ন ফ্লাইটের টিকিট থাকায় সৌভাগ্যক্রমে দেশে ফিরতে পেরেছেন।
Mytv Online