যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক আলোচনার জন্য ইরান প্রস্তুত থাকলেও নতুন করে সামরিক হামলা হলে তার জবাব দিতে দেশটি ‘পুরোপুরি প্রস্তুত’ বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। একই সাথে হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে তেহরানের সাত দিনের প্রস্তাবের বিষয়েও বিস্তারিত জানিয়েছেন তিনি।
রবিবার (২৭ সেপ্টেম্বর) মার্কিন সংবাদমাধ্যম এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে আরাগচি বলেন, আমরা কূটনীতির জন্য প্রস্তুত। একই সাথে যুদ্ধের জন্যও প্রস্তুত।
আরাগচি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন এমন কথা তেহরান শুনেছে। তবে মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক জবাবের জন্য ইরান এখনও অপেক্ষা করছে।
ইরানের প্রস্তাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রকে প্রথমে যুদ্ধ বন্ধ, ইরানের জব্দ করা সম্পদ ছাড়, অবরোধ প্রত্যাহার এবং ইরানকে তেল বিক্রির সুযোগ দেওয়ার মতো কয়েকটি পদক্ষেপ নিতে হবে। এসব শর্ত পূরণ করা হলে হরমুজ প্রণালি খুলে দেওয়ার কথা জানিয়েছে তেহরান।
আরাগচি বলেন, আমাদের প্রস্তাব খুবই পরিষ্কার। যুক্তরাষ্ট্র কিছু নির্দিষ্ট পদক্ষেপ নিলে আমরা প্রণালি খুলে দিতে প্রস্তুত।
তার ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র চার থেকে পাঁচ দিনের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে। এরপর ষষ্ঠ দিনে ইরান হরমুজ প্রণালি খুলে দেবে এবং সপ্তম দিনে চূড়ান্ত চুক্তি নিয়ে দুই দেশের আলোচনা আবার শুরু হতে পারে।
বিশ্বের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালি ইরান কার্যত বন্ধ করে দেয়। ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং পরবর্তী সময়ে ইরানের ওপর সামুদ্রিক অবরোধের পর এই পরিস্থিতির সৃষ্টি হয়।
Mytv Online