মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের ধারাবাহিকতা ধরে রাখার পাশাপাশি বেসরকারি খাতে ঋণপ্রবাহ ও বিনিয়োগ বাড়ানোর লক্ষ্য সামনে রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। চলতি বছরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকের জন্য এই মুদ্রানীতি ঘোষণা করা হবে আজ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকাল ৩টায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন মুদ্রানীতি ঘোষণা করা হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান। কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য ডেপুটি গভর্নর, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান কর্মকর্তা, গবেষণা বিভাগের নির্বাহী পরিচালক, মুখপাত্রসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন।
নতুন মুদ্রানীতিতে সবচেয়ে বেশি নজর থাকবে মূল্যস্ফীতি ও বেসরকারি খাতের ঋণপ্রবাহের দিকে।
কারণ দেশে মূল্যস্ফীতি এখনও ৮ শতাংশের ওপরে থাকলেও বেসরকারি খাতে ব্যাংকঋণের প্রবৃদ্ধি ৫ শতাংশের নিচে। ফলে একদিকে মূল্যস্ফীতির চাপ কমানো, অন্যদিকে বিনিয়োগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফেরানো- এই দুইয়ের মধ্যে ভারসাম্য রাখাই কেন্দ্রীয় ব্যাংকের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
Mytv Online