ক্রীড়াই মানসিকতা এবং শারীরিক বিকাশের জন্য অন্যতম নিয়ামক- এই স্লোগানকে ধারণ করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘কিষোয়ান ফুটবল একাডেমি’। তরুণ প্রজন্মকে মাদক ও অবক্ষয় থেকে দূরে রেখে দক্ষ ফুটবল খেলোয়াড় হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে সম্প্রতি এই একাডেমিটির উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
কিষোয়ান স্পোর্টিং ক্লাবের সভাপতি ওয়াহিদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এস এম শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্বাস্থ্যোজ্জ্বল জাতি গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। তৃণমূল পর্যায় থেকে দক্ষ ও প্রতিভাবান ফুটবলার তুলে আনতে কিষোয়ান স্পোর্টিং ক্লাব ফুটবল একাডেমির এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
বনফুল-কিষোয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম একাডেমির শুভ উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধকের বক্তব্যে তিনি বলেন, তরুণদের শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনে খেলাধুলার পরিধি বাড়াতে হবে। বনফুল-কিষোয়ান পরিবার সবসময় ক্রীড়াবান্ধব কার্যক্রমে পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি নজরুল ইসলাম লেদু এবং সাধারণ সম্পাদক আ.ন.ম ওয়াহিদ দুলাল। এ সময় আরও উপস্থিত ছিলেন সিজেকেএস-এর কাউন্সিলর কাজী জসিম উদ্দিন, বনফুল কোম্পানির জিএম আমান উল আলম, বনফুল লিমিটেডের জিএম শাহ কামাল মুস্তফা, বনফুল লিমিটেডের (মার্কেটিং) জিএম কামাল হোসেন এবং বনফুল এন্ড কোম্পানির ডিজিএম আরিফুর রহমানসহ স্থানীয় ক্রীড়া সংগঠক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, নিয়মিত প্রশিক্ষণ ও সঠিক পরিচালনার মাধ্যমে এই একাডেমি থেকে একদিন জাতীয় ও আন্তর্জাতিক মানের ফুটবলার বেরিয়ে আসবে, যারা দেশের সুনাম বয়ে আনবে। অতিথিবৃন্দ একাডেমির সার্বিক সফলতা কামনা করেন এবং এর কার্যক্রম এগিয়ে নিতে ক্রীড়াঙ্গনের সকলের সহযোগিতা কামনা করেন।
Mytv Online