ঢাকার নবাবগঞ্জের গালিমপুর পাইকসা গ্রামের ২২ বছর বয়সী তরুণ রোহান বেপারী নিখোঁজ হয়েছেন।
রোববার (৫ অক্টোবর) সন্ধ্যায় তার নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন মামাতো ভাই আবু সায়েম।
পরিবার সূত্রে জানা যায়, রোববার সকাল ৭টার দিকে লাল টি-শার্ট ও জিন্সপ্যান্ট পরে রাজধানীর বাড্ডায় কর্মস্থলের উদ্দেশে বাড়ি থেকে বের হন রোহান। সকাল ৯টার দিকে তিনি আরেক মামাতো ভাই রাতুলকে ফোন করে জানান, তিনি গুলিস্তানে আছেন, সেখান থেকে বাড্ডায় যাওয়ার পথ জানতে চেয়ে ফোনে কথা বলার পর কলটি কেটে দেন। এরপর থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
নিখোঁজ রোহান মঞ্জু বেপারী ও শাহানাজের একমাত্র ছেলে। পরিবারের সদস্যরা জানান, রোহানের কিছুটা মানসিক সমস্যা রয়েছে।
কেউ রোহানের সন্ধান পেলে ০১৮২২৭৮২৬৭৫ অথবা ০১৮৪৯৩২২২২৮ নম্বরে যোগাযোগ করতে তার পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
এ ঘটনায় নবাবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
Mytv Online