মানুষ হিসেবে প্রত্যেকের মনেই কিছু না কিছু চাহিদা থাকে এটি এক স্বাভাবিক বিষয়।
তবে আল্লাহ তাআলা আমাদের যতটুকু দান করেছেন, তার জন্য সবসময় শুকরিয়া জ্ঞাপন করা উচিত। অন্যথায় হাতের কাছে থাকা নিয়ামতটুকুও হারিয়ে যেতে পারে।
স্বল্পে তুষ্ট থাকা একটি অত্যন্ত মহৎ গুণ, যা খুব কম মানুষের মধ্যেই দেখা যায়।
অনিয়ন্ত্রিত লোভ বা অধিক চাহিদা মানুষের ব্যক্তিত্ব নষ্ট করে, মানসিক সংকীর্ণতা বাড়ায় এবং হৃদয়ে পেরেশানি ও হতাশার সৃষ্টি করে।
পবিত্র কুরআনে আল্লাহ তাআলা এর সতর্কবার্তা দিয়ে বলেছেন:
أَلْهَاكُمُ التَّكَاثُرُ (١) حَتَّى زُرْتُمُ الْمَقَابِرَ (٢)
"প্রচুুর ধন-সম্পদ অর্জনের প্রতিযোগিতা তোমাদেরকে গাফেল বানিয়ে রাখে, যতক্ষণ না তোমরা কবরে উপনীত হও।" (সূরা আত-তাকাছুর: ১-২)
ধন-সম্পদ, সন্তান-সন্ততি কিংবা বংশের অহংকার মানুষকে এমনভাবে গাফেল ও উদাসীন করে রাখে, তারা নিজেদের পরিণতি ও পরকালের হিসাব-নিকাশের কথা বেমালুম ভুলে যায়। আর এই অসচেতন অবস্থাতেই একদিন হুট করে মৃত্যু এসে উপস্থিত হয়। বিশেষ করে যারা পার্থিব বস্তু ও লোকদেখানো বড়াইয়ে মত্ত হয়ে পড়ে, তারা পরিণামের কথা চিন্তা করার ফুরসতই পায় না।
অধিক চাহিদার লোভ মানুষকে কখনো কখনো এতটাই অন্ধ করে ফেলে যে,সে নিজের অস্তিত্ব, ব্যক্তিত্ব, সম্মান ও মর্যাদা পর্যন্ত ভুলে যায়।
অনেক সময় আলেম,ডাক্তার বা ইঞ্জিনিয়ারের মতো শিক্ষিত ও সম্মানিত পেশার মানুষদেরও সামান্য টাকার লোভে এমন কিছু করতে দেখা যায়, যা সত্যি হতাশাজনক ও বিস্ময়কর।
প্রিয় নবী রাসূলুল্লাহ( সা.) ইরশাদ করেছেন:
لَوْ أَنَّ لِابْنِ آدَمَ وَادِيًا مِنْ ذَهَبٍ أَحَبَّ أن يَكُونَ لَهُ وَادِيَانِ، وَلَنْ يَمْلَأَ فَاهُ إِلَّا التَّرَابُ، وَيَتُوبُ اللَّهُ عَلَى مَنْ تَابَ
"যদি আদম সন্তানকে স্বর্ণে ভরা একটি উপত্যকাও দিয়ে দেওয়া, তবুও সে দ্বিতীয় আর একটি উপত্যকার কামনা করবে।
আর মানুষের মুখ (কবরের) মাটি ছাড়া আর কিছুই দিয়ে ভরানো সম্ভব নয়।
তবে যে তাওবা করে, আল্লাহ তার তওবা কবুল করেন।" (সহিহ বুখারি: ৬৪৩৯; সহিহ মুসলিম: ১০৪৮)
মানুষের মানসিকতা বর্তমান যুগে এমন হয়ে দাঁড়িয়েছে যে, এক টাকা থাকলে সে পাঁচ টাকার জন্য হতাশ হয়। এক বিঘা জমি থাকলে আরও পাঁচ বিঘার জন্য লড়াইয়ে নেমে পড়ে।
গ্রামে একটি বাড়ি থাকলে শহরে, আর শহরে থাকলে বিদেশের মাটিতে পা রাখার আকুলতা তৈরি হয় যেন পুরো পৃথিবীর রাজত্ব পেলেও তার চাহিদা শেষ হয় না!
এভাবেই সময় বয়ে যায়, দিন শেষ হয় এবং নিঃশব্দে মৃত্যু ঘনিয়ে আসে যার খবর আমরা অনেকেই সময়ে টেরই পাই না।
Mytv Online