কানাডার আলবার্টা প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে দ্রুত ছড়িয়ে পড়া ঘাসের আগুনে চার সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত ৩৯ জন হাসপাতালে চিকিৎসাধীন, যাদের মধ্যে ১৯ জনের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।
রবিবার (১৮ অক্টোবর) কর্মকর্তারা জানান, শনিবার বিকেলে কানাডিয়ান ফোর্সেস বেস ওয়েনরাইটের একটি প্রশিক্ষণ এলাকায় ঘাসে আগুন লাগে।
পরে ঘণ্টায় ৯৬ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে শুরু করলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। মাত্র ৩০ থেকে ৬০ সেকেন্ডে আগুন প্রায় এক কিলোমিটার এলাকায় ছড়িয়ে যায়।
নিহত চার সেনার পরিচয়ও প্রকাশ করেছে কর্তৃপক্ষ। তারা হলেন সার্জেন্ট মরগান ওং, প্রাইভেট শন ফ্যারেল, প্রাইভেট এইডান গোল্ডিং ও প্রাইভেট হেইডেন লাইকমার্ক।
আগুন লাগার সময় ওই এলাকায় ৮৫ জন সেনা জীবন্ত গোলাবারুদ ব্যবহার করে উচ্চমাত্রার সামরিক প্রশিক্ষণ নিচ্ছিলেন। তারা লাটভিয়ায় দায়িত্ব পালনের প্রস্তুতি নিচ্ছিলেন। কানাডার সেনাদের সবচেয়ে বড় আন্তর্জাতিক সামরিক কার্যক্রম বর্তমানে দেশটিতে পরিচালিত হচ্ছে।
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি নিহতদের সম্মানে দেশজুড়ে সরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন।
আলবার্টার মুখ্যমন্ত্রী ড্যানিয়েল স্মিথ জানান, আহতদের অনেকের কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত বিশেষায়িত নিবিড় চিকিৎসার প্রয়োজন হতে পারে। আহতদের এডমন্টন, ওয়েনরাইট, ক্যালগারি ও রেড ডিয়ারের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আগুন লাগার কারণ জানতে তদন্ত চলছে। তবে এ ঘটনার সাথে এলাকার তেল-গ্যাস অবকাঠামোর কোনো সম্পর্ক আছে বলে মনে করছেন না কর্মকর্তারা। বাইরে থেকে কেউ আগুন লাগিয়েছে, এমন সম্ভাবনাও নাকচ করেছেন তারা।
Mytv Online