মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে এক গোপন সফরে ইসরায়েলে বৈঠক করেছেন বলে জানিয়েছে অ্যাক্সিওস।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টরপন্থী মিত্র হেগসেথ এবং কঠিন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মুখে থাকা ইসরায়েলের দীর্ঘদিনের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মধ্যে সোমবার (১৯ অক্টোবর) এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্রের বরাত দিয়ে অ্যাক্সিওস এ খবর জানিয়েছে।
মার্কিন প্রতিরক্ষা দফতরের একজন মুখপাত্র আল জাজিরাকে বলেছেন, এ প্রতিবেদন সম্পর্কে তারা ‘মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন’।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে হেগসেথ লিখেছেন, তিনি মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের সাথে দেখা করতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের দায়িত্বাধীন এলাকা সফর করেছেন। এ অঞ্চলের আওতায় রয়েছে মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা এবং এশিয়ার কিছু অংশ।
ইসরায়েলের আর্মি রেডিও জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় মরুভূমিতে অবস্থিত একটি বিমানঘাঁটিতে নেতানিয়াহুর সাথে হেগসেথের বৈঠক অনুষ্ঠিত হয়।
এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে আগামী সপ্তাহের ইসরায়েলি সংসদ নির্বাচনে নেতানিয়াহুর প্রতি সমর্থন জানিয়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন হামলা এবং গাজায় ইসরায়েলের গণহত্যামূলক অভিযান শুরুর পর এটিই প্রথম নির্বাচন।
ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে ভূমিকা রাখার জন্য ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রীকে প্রশংসা করেন। তিনি আরও বলেন, নেতানিয়াহুর প্রতি তার ‘পূর্ণাঙ্গ ও নিঃশর্ত সমর্থন’ রয়েছে।
Mytv Online