খুলনায় ১১ দলীয় জোটের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ কর্মসূচির গাড়িবহরের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শনিবার (৩১ অক্টোবর), দুপুর সাড়ে ৩ টার দিকে, খুলনা থেকে ফুলতলা উপজেলার পথসভায় যাওয়ার পথে, ফুলবাড়ীগেট এলাকার, শহীদ মিনারের সামনে এই ঘটনা ঘটে। তবে এতো কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, লংমার্চের গাড়ি বহর, খুলনা থেকে ফুলতলার উদ্দেশ্যে যাচ্ছিল। ফুলতলা বাজারে পথসভা শেষে সেখান থেকে যশোরে যাওয়ার কথা। কয়েকটি গাড়ি ফুলবাড়ী গেট পার হওয়ার পর পেছনের গাড়ি আসার আগে শহীদ মিনারের সামনের রাস্তার ওপর পরপর দু'টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
তবে আরেকটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় ছিল। হঠাৎ ককটেল বিস্ফোরণের ঘটনায় রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকা মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তারা দিগ্বিদিক ছুটাছুটি করতে থাকেন। পরে পুলিশ গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল বাসার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করা হয়েছে। কিন্তু কে বা কারা এই ঘটনার সাথে যুক্ত তা চিহ্নিত করার প্রক্রিয়া চলছে। এখন পর্যন্ত থানায় কেউ আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেননি।
Mytv Online