ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের ঠিক উল্টোদিকে অবস্থিত লাফায়েত স্কয়ারের কাছে একটি গাড়ি দুর্ঘটনার মুখোমুখি হলে সাময়িকভাবে পুরো হোয়াইট হাউস অবরুদ্ধ বা লকডাউন করে রাখা হয়। মঙ্গলবার (১০ নভেম্বর) ডিএনএ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই খবর জানা গেছে।
সোমবার (০৯ নভেম্বর) ঘটা এই ঘটনার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ভেতরেই অবস্থান করছিলেন।
ওয়াশিংটন সান-এর সাংবাদিক মার্টিন অস্টারমুহলের শেয়ার করা ভিডিওতে দেখা যায় একটি রূপালী রঙের সেডান গাড়ি লাফায়েত স্কয়ার পার্কের উত্তর প্রান্তের পাকা জায়গায় প্রবেশ করে একটি সাইনবোর্ডে সজোরে ধাক্কা মারে।
দুর্ঘটনার পর গাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখা যায় এবং চালক বাহন থেকে বের হয়ে নিরাপত্তাকর্মীদের সাথে হাতাহাতিতে লিপ্ত হন।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ভিডিওচিত্র শেয়ার করে মার্টিন অস্টারমুহল জানান, ‘কী কারণে গাড়িটি সাইনবোর্ডে ধাক্কা দিয়েছে তা স্পষ্ট নয়। তবে গাড়ি থেকে বের হওয়ার পর চালক সিক্রেট সার্ভিস কর্মকর্তা এবং ন্যাশনাল গার্ড বাহিনীর সদস্যদের সাথে মারামারি করেন।’
সিক্রেট সার্ভিস কর্মকর্তা ও ন্যাশনাল গার্ড বাহিনীর সাথে সংঘর্ষের পর গাড়িটির চালককে আটক করা হয়েছে।
চালক সম্পর্কিত বিস্তারিত তথ্য, কীভাবে এই দুর্ঘটনা ঘটল কিংবা কেউ আহত হয়েছেন কি না সে সম্পর্কে এখনও কোনো তথ্য প্রকাশ করা হয়নি এবং দুর্ঘটনার পেছনের কারণও অস্পষ্ট রয়েছে।
হোয়াইট হাউসের কাছের নিরাপত্তা বেষ্টনীতে গাড়ি ধাক্কা দেওয়ার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে ২০২৩ সালের মে মাসে ১৯ বছর বয়সী এক তরুণ লাফায়েত স্কয়ারে হোয়াইট হাউসের বিপরীত দিকের নিরাপত্তা বেষ্টনীতে ইউ-হল ট্রাক দিয়ে ধাক্কা দিয়েছিল। পরবর্তীতে প্রেসিডেন্টকে হুমকি এবং সরকারি সম্পত্তি ধ্বংসের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়, যা তদন্তকারীরা পরিকল্পিত হামলা বলে জানিয়েছিলেন।
Mytv Online