পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে বন্দুকধারীদের হামলায় অন্তত ১১ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন।
বুধবার (১১ নভেম্বর) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় কোহাত জেলায় এ হামলার ঘটনা ঘটে।
প্রতিবেদনে বলা হয়, অবৈধ সোনা উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালাতে যাওয়ার পথে পুলিশের একটি দলের ওপর অতর্কিত হামলা চালায় বন্দুকধারীরা। এ সময় পুলিশের পাঁচটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। হামলাকারীদের সাথে পুলিশের তীব্র বন্দুকযুদ্ধ হয়। এ হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান।
এদিকে, গত কয়েক মাস ধরে খাইবার পাখতুনখোয়া প্রদেশে ধারাবাহিকভাবে হামলার শিকার হচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
বৈশ্বিক পর্যবেক্ষণ সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা (এসিএলইডি)-এর তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে পাকিস্তানে সন্ত্রাসী হামলার ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০২২ সালে দেশটিতে ৬৫৮টি হামলার ঘটনা রেকর্ড করা হলেও ২০২৫ সালে তা বেড়ে দাঁড়ায় ২ হাজার ৪২৫টিতে, যা প্রায় চার গুণ বেশি।
Mytv Online