ঢাকা , বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ , ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানবাহিনীর ৫ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার এমপির বাড়িতে আগুনে পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিবিদদের বড় অংশ সুবিধা নেওয়ায় বেশি ব্যস্ত থাকেন: স্পিকার বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনে ঋণ নয়, অনুদান দিতে হবে: প্রধানমন্ত্রী অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করল সরকার আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ডিসেম্বরের আগে মালয়ে‌শিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার হবিগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে ডাক বিভাগের গাড়ির ধাক্কা, নিহত ৩ নতুন ৩৫ উড়োজাহাজ কিনছে সরকার: বিমানমন্ত্রী পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠী দ্বারা ৩১৬ জন নিহত: স্বরাষ্ট্রমন্ত্রী উড়াল সেতুতে মোটরসাইকেলে গাড়ির ধাক্কা, সন্তানসহ স্বামী-স্ত্রী নিহত বাংলাদেশে সংঘটিত অপরাধের জবাবদিহিতা এবং রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ নেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে তিন জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন গ্রিস থেকে ফেরত পাঠানো হলো ৫১ বাংলাদেশিকে মিরপুরে তিন বাসে আগুন গাবতলীতে বাসচাপায় ২ নারী নিহত

এমপির বাড়িতে আগুনে পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপলোড সময় : ১২-১১-২০২৬ ০৬:২৭:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৬ ০৬:২৭:৩০ অপরাহ্ন
এমপির বাড়িতে আগুনে পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী
কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংরক্ষিত নারী সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একজন সংসদ সদস্যের নিরাপত্তা বিঘ্নিত হওয়া দেশের সবার জন্যই উদ্বেগের বিষয় উল্লেখ করে তিনি জানান, এ ঘটনায় ইতোমধ্যে যৌথ তদন্ত কমিটি কাজ শুরু করেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের চতুর্থ দিনে পয়েন্ট অব অর্ডারের জবাবে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সংসদে ঘটনার বিস্তারিত বিবরণ তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত রাতে অর্থাৎ আজ ১২ তারিখের শুরুতে রাত ১২টা ২০ মিনিটের দিকে সীমান্ত থেকে ৭ দশমিক ৪ কিলোমিটার দূরে দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগুয়ান গ্রামে সংরক্ষিত নারী সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যে টিনশেড আধা-পাকা বাড়িতে আগুন লেগেছে, তার থেকে ২০ মিটার দূরে তার বাবা-মা একটি তিনতলা বাড়িতে অবস্থান করেন। মূলত ওই টিনশেড বাড়িতে কেউ থাকতেন না; সেখানে কেবল দুটি ছাগল ও কিছু আসবাবপত্র ছিল।

ঘটনার পরপরই প্রশাসনের পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পার্শ্ববর্তী থানা থেকে ফায়ার সার্ভিসের গাড়ি এনে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ছাড়া অতিরিক্ত পুলিশ সুপার, থানার ওসি, এসপি এবং বিজিবির টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুন লাগার প্রকৃত কারণ উদঘাটনে বিজিবি, ফায়ার সার্ভিস, পুলিশ ও সিভিল প্রশাসনকে নিয়ে একটি যৌথ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

তদন্তের প্রাথমিক প্রতিবেদনের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, স্থানীয় ব্যক্তিবর্গ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সবার সঙ্গে আলোচনা এবং আলামত মূল্যায়ন করে প্রাথমিকভাবে পেট্রোল বোমা বিস্ফোরণের মতো কোনো শব্দ বা দেয়ালে পেট্রোল বোমার কোনো চিহ্ন পাওয়া যায়নি। এমনকি কোনো সাক্ষীও পেট্রোল বোমা ব্যবহারের কোনো তথ্য দেননি। ঘটনাস্থলের ছবি, দেয়াল ও অন্যান্য আলামত পর্যালোচনা করে ধারণা করা হচ্ছে, বাড়িটি পুরোনো হওয়ায় এবং ইলেকট্রিক ওয়্যারিং দুর্বল থাকায় বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণেও এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। তবে এটি সম্পূর্ণ তদন্ত সাপেক্ষে নিশ্চিত করা সম্ভব হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, পরিত্যক্ত বা কম ব্যবহৃত ওই বাড়িতে কেয়ারটেকারের জুতা তৈরির কিছু সরঞ্জাম ও কাপড় ছিল, যা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুটি ছাগল মারা গেছে। এ ঘটনায় ইতোমধ্যে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং পুলিশ সে অনুযায়ী তদন্ত চালিয়ে যাচ্ছে। এর পেছনে কেউ নাশকতামূলক কোনো কর্মকাণ্ড চালিয়ে থাকলে অধিকতর তদন্তে তা প্রমাণিত হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিমানবাহিনীর ৫ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার

বিমানবাহিনীর ৫ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার