গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় বিক্ষোভ শুরু করেন পোশাক শ্রমিকরা। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এরপর সড়ক থেকে সরে যান শ্রমিকরা।
পরে শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, এর আগে আজ সকাল ৯টার দিকে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকার ৮ থেকে ১০টি কারখানার শ্রমিকরা কাজে যোগ দেন। হাজিরা দিয়ে তারা কারখানা থেকে বেরিয়ে আসেন।
কয়েক দিন আগে শ্রমিক আন্দোলনের সময় এপেক্স কারখানার এক নারী শ্রমিক আহত হওয়ার পর মারা গেছেন, এমন গুজব ছড়িয়ে পড়ে।
এর জের ধরে এবং বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু শ্রমিকরা উত্তেজিত হয়ে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে সাধারণ মানুষের ভোগান্তি ও আতঙ্ক কমানো এবং পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
একপর্যায়ে সকাল সাড়ে ১১টার দিকে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আসে এবং যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকার ৮ থেকে ১০টি কারখানার শ্রমিকরা হাজিরা দিয়ে কারখানা থেকে বেরিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। প্রথমে তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়।
এতে শ্রমিকরা উত্তেজিত হয়ে পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়।
Mytv Online