পঞ্চগড়ের বোদা উপজেলায় যাত্রীবাহী থ্রি-হুইলারকে পেছন থেকে ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। শুক্রবার উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের কৈকিল্লা দিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মণ্ডল।
নিহতরা হলেন- পঞ্চগড় বিসিক শিল্পনগরীর হিসাবরক্ষক মাহমুদা আক্তার (৩৫), তার আট বছর বয়সী মেয়ে আল আকসা সুমাইয়া সম্প্রীতি এবং দেবীগঞ্জ উপজেলার পামুলী এলাকার বাসিন্দা প্রমিলা রানী (৩০)। মাহমুদা ও তার মেয়ে সম্প্রীতি সম্পর্কে আলী আজগর খোকনের স্ত্রী ও সন্তান।
দুর্ঘটনায় গুরুতর আহত মাহমুদা ও তার মেয়েকে রংপুরে এবং প্রমিলা রানীকে ঠাকুরগাঁওয়ে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
আহতরা হলেন—বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের সবুজপাড়া এলাকার আয়শা (২), বীরপাড়া এলাকার রহিদুল ইসলাম (৪৮), নগর সাকোয়া এলাকার নাসরিন আক্তার (৪৬), তার মেয়ে স্বীকৃতি (৭) এবং চন্দনবাড়ি ইউনিয়নের প্রামাণিকপাড়া এলাকার আক্তারুজ্জামান (৩৩)। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রীবোঝাই থ্রি-হুইলারটি বোদা উপজেলার সাকোয়া বাজার থেকে উপজেলা শহরের দিকে যাচ্ছিল। পথে কৈকিল্লা দিঘী এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক থ্রি-হুইলারটিকে সজোরে ধাক্কা দেয়। এতে থ্রি-হুইলারটি সড়কের পাশের ধানখেতে ছিটকে পড়ে। এ সময় চালকসহ যাত্রীরা গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় মাহমুদা ও তার মেয়েকে রংপুরে এবং প্রমিলা রানীকে ঠাকুরগাঁওয়ে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়।
বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মণ্ডল বলেন, ‘দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে পালিয়ে যান চালক। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’
Mytv Online