পাঁচ ধাপে দেশের প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়ন পরিষদের নির্বাচন আয়োজন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে প্রথম ধাপের ভোট শুরু হবে আগামী বছরের ২১ জানুয়ারি। আর শেষ ধাপের ভোট হবে ২৭ মে।
সোমবার (১৬ নভেম্বর) নির্বাচন কমিশনের ১৩তম সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি বলেন, প্রথম ধাপে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে। প্রতিটি ভোটের দিন বৃহস্পতিবার।
ইসি সানাউল্লাহ বলেন, যেসব ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হয়েছে বা নির্বাচনী চক্রের মধ্যে পড়বে, সেগুলোর নির্বাচন আগামী ২৭ মের মধ্যে সম্পন্ন করা হবে।
সব জেলায় একই সাথে নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে উপজেলা সদরসংলগ্ন ইউনিয়ন এবং যেসব ইউনিয়ন পরিষদের নির্বাচন আগে হওয়ার কথা ছিল বা মেয়াদ বেশি পেরিয়ে গেছে, সেগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর বাকি উপজেলাগুলোতে বর্ণানুক্রমিকভাবে নির্বাচন আয়োজন করবে কমিশন।
নির্বাচনের তফসিল ঘোষণা কবে হতে পারে, জানতে চাইলে তিনি বলেন, ভোটের তারিখের ৩৮ থেকে ৪৫ দিন আগে তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আলাদা বৈঠক করবে কমিশন। এর আগে অনুষ্ঠিত বৈঠকে বাহিনীগুলো জানিয়েছিল, নভেম্বরের মধ্যে তাদের প্রশিক্ষণ কার্যক্রম শেষ হবে।
Mytv Online