গাজীপুরের কাশিমপুর হাইসিকিরিটি কেন্দ্রীয় কারাগার থেকে দুই হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কয়েদির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে কাশিমপুর হাইসিকিরিটি কারাগারের হিমেল ভবনের নিচ তলার সেল থেকে মো. ফরহাদ (৪১) নামে ওই কয়েদির লাশ উদ্ধার করা হয়েছে।
ফরহাদ টাঙ্গাইল জেলার সদর থানাধীন শালিনাপাড়া গ্রামে মৃত হাফিজ উদ্দিনের ছেলে।
কাশিমপুর কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল-মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার যথাসময়ে কারাগারের কয়েদিদের গণনা করে লকার করা হয়। কারাগারের হিমেল ভবনের নিচ তলায় টাঙ্গাইলের এক নারী ও এক পুরুষ হত্যা মামলার আসামি অর্থাৎ ডাবল হত্যা মামলায় ডাবল মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ফরহাদ তার দুই কেস পার্টনারসহ বন্দি ছিলেন।
গভীর রাতে তাকে সেলের জানালার মধ্যে গামছা দিয়ে ফাঁস লাগানো দেখতে পায় তার সঙ্গীরা। খবর পেয়ে কারাগারের কর্মকর্তারা তাকে উদ্ধার করে গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জেল সুপার বলেন, নিহতের স্বজনরা কারাগারে এসেছেন। মরদেহের সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
প্রসঙ্গত, ২০১৯ সালের ২৬ আগস্ট কেরাণীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর হাইসিকিরিটি কারাগারে আনা হয় ফরহাদকে। টাঙ্গাইল মডেল থানার দুটি মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি হিসেবে তিনি কারাগারে ছিলেন। তিনি প্রায় ১ বছর ধরে তীব্র মাথাব্যথা, দৃষ্টিজনিত বিভ্রম সমস্যাসহ কয়েকটি রোগে ভুগছিলেন। ফরহাদ একাধিকবার কারা হাসপাতালের অধীনে চিকিৎসা নিয়েছেন।
Mytv Online