চুয়াডাঙ্গার দর্শনা রেলক্রসিংয়ে তেলবাহী বিটিও ট্যাংকার ট্রেনে ডাকাতির চেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় ট্রেনের লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারকে কুপিয়ে ও মারধর করে টাকা, মুঠোফোন, ব্যাগসহ ব্যক্তিগত মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।
ট্রেনের লোকোমাস্টার মো. নজরুল ইসলাম ও সহকারী লোকোমাস্টার মো. কবির হোসেন জানান, সোমবার রাতে ঈশ্বরদী থেকে হলুদ রঙের তেলবাহী বিটিও ট্যাংকার (পিএসআইকে-৬ ডাউন) ট্রেনটি খুলনার উদ্দেশে রওনা হয়। রাত ৩টা ২৫ মিনিটের দিকে খুলনা-ঢাকাগামী নকশীকাঁথা ট্রেনকে ক্রসিং দেওয়ার জন্য ট্রেনটি চুয়াডাঙ্গার দর্শনা রেলওয়ে জংশনের পাশে থামানো হয়।
এ সময় দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে একদল দুর্বৃত্ত ট্রেনের চালকের কক্ষের জানালার কাচ ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা লোকোমাস্টার মো. নজরুল ইসলামের হাতে কোপ দেয় এবং সহকারী লোকোমাস্টার মো. কবির হোসেনকে বেধড়ক মারধর করে। পরে তাদের টাকা, মুঠোফোন, ব্যাগ ও ব্যবহারের কাপড়চোপড় লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন তারা।
ট্রেনের গার্ড মো. জামাল হোসেন বলেন, দুর্বৃত্তরা দুজনকে জখম ও মারধর করে তাদের মালামাল নিয়ে গেছে।
দর্শনা হল্টস্টেশনের রেলওয়ে নিরাপত্তা ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, তিনি ঘটনাটি শুনেছেন।
দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনের রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলতাব হোসেন জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। ট্রেনের চালকের কক্ষের কাচ ভাঙচুর এবং দুজনকে কুপিয়ে আহত করার বিষয়টি রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পরে আহত চালকদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ঈশ্বরদী থেকে একজন চালক এসে তেলবাহী বিটিও ট্যাংকার ট্রেনটি মঙ্গলবার সকালে খুলনায় নিয়ে যাবেন বলে জানান তিনি।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়া বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি রেলওয়ের হওয়ায় এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সার্বিক সহযোগিতা করা হবে।
Mytv Online