ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে বিষাক্ত মদপানে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮০ জনের বেশি মানুষ। অবৈধভাবে উৎপাদিত বা ভেজাল মদ পান করার কারণে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে কর্তৃপক্ষ।
শুক্রবার (২০ নভেম্বর) মণিপুরের মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং এক বিবৃতিতে এ তথ্য জানান।
তিনি বলেন, গত ৪৮ ঘণ্টায় বিষাক্ত মদপানে ১১ জনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় দুইটি হাসপাতালে ১৮০ জনের বেশি রোগী ভর্তি হয়েছেন। ঘটনার পর রাজ্যজুড়ে সতর্কতা জারি করা হয়েছে এবং শুরু হয়েছে তদন্ত।
স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যের সুগনু শহর থেকে গত এক সপ্তাহে যারা মদ পান করেছেন, তাদের চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। পাশাপাশি অজানা উৎস থেকে সংগ্রহ করা মদ পান না করার জন্য সাধারণ মানুষকে সতর্ক করেছেন পুলিশের উপকমিশনার।
কর্তৃপক্ষের ধারণা, এসব মদে ক্ষতিকর রাসায়নিক পদার্থ মেশানো হয়ে থাকতে পারে। ভারতে অবৈধ মদের ব্যবসা দীর্ঘদিন ধরেই উদ্বেগের কারণ। কম দামে মদ কিনতে গিয়ে নিম্ন আয়ের অনেক মানুষ অননুমোদিত বিক্রেতাদের কাছ থেকে মদ সংগ্রহ করেন। মদের তীব্রতা বাড়াতে অসাধু ব্যবসায়ীরা এতে বিভিন্ন ধরনের রাসায়নিক ব্যবহার করে থাকেন।
বিশেষজ্ঞদের মতে, মিথানল এমনই একটি বিষাক্ত রাসায়নিক, যা অল্প পরিমাণে শরীরে প্রবেশ করলেও প্রাণঘাতী হতে পারে। মাত্র ৬০ মিলিলিটার মিথানলও মানুষের মৃত্যুর কারণ হতে পারে। এ ছাড়া ভারতের বিভিন্ন এলাকায় অনিয়ন্ত্রিত মদের নমুনায় ব্যাটারির অ্যাসিডের মতো বিপজ্জনক উপাদানও পাওয়া গেছে।
এর আগে ২০২০ সালে ভারতের পাঞ্জাব রাজ্যে বিষাক্ত মদপানে অন্তত ১২০ জনের মৃত্যু হয়েছিল। মণিপুরের সাম্প্রতিক ঘটনাটি দেশটিতে অবৈধ মদের উৎপাদন ও বিক্রি নিয়ন্ত্রণের বিষয়টি নতুন করে সামনে এনেছে।
Mytv Online