ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে এক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ ইসলাম ১৬ ডিসেম্বর চালু হচ্ছে থার্ড টার্মিনাল, শুরুতে চলবে চারটি ফ্লাইট বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম বিমানবন্দরে গ্রেফতার দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী

বাবার স্বপ্নপূরণে যোগ দেন পুলিশে, দায়িত্ব পালনের সময় ছুরিকাঘাতে নিহত

  • আপলোড সময় : ২৩-১১-২০২৬ ০৫:০৬:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৬ ০৫:০৬:০৯ অপরাহ্ন
বাবার স্বপ্নপূরণে যোগ দেন পুলিশে, দায়িত্ব পালনের সময় ছুরিকাঘাতে নিহত
বাবার স্বপ্নপূরণে পুলিশ বাহিনীতে যোগ দিয়েছিলেন আনোয়ার মোল্লা। কিন্তু সেই স্বপ্ন আর দায়িত্ব পালনের মাঝপথেই দুর্বৃত্তদের নৃশংস হামলার শিকার হয়ে প্রাণ হারালেন তিনি। এই আকস্মিক মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে গেছে তার পরিবার।

রবিবার (২২ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার কাশীপুরের হাশেমবাগ এলাকায় গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন পুলিশের কনস্টেবল আনোয়ার মোল্লা (৩৩)। এই অতর্কিত হামলার সময় তার সঙ্গে থাকা এক সহকারী উপপরিদর্শক (এএসআই) গুরুতর আহত হন।

আজ সোমবার সকালে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে আনোয়ারের মরদেহের ময়নাতদন্ত চলাকালীন সেখানে উপস্থিত ছিলেন তার স্বজনরা। মর্গের সামনেই তার বড় ভাই শাহাবুদ্দিন মোল্লার সঙ্গে কথা বলে মুক্তকণ্ঠের প্রতিবেদক। শাহাবুদ্দিন জানান, গতকাল রাত একটার দিকে নবাবগঞ্জ থানা-পুলিশ মুঠোফোনে তাদের আনোয়ারের মৃত্যুর সংবাদ দেয়। পরবর্তীতে নারায়ণগঞ্জ জেলা পুলিশও এই ঘটনার সত্যতা নিশ্চিত করে।

আনোয়ার মোল্লা ঢাকার নবাবগঞ্জের দত্ত খন্দ এলাকার জত্তন মোল্লার পুত্র। ২০২১ সালে জত্তন মোল্লার মৃত্যু হয়। তবে তার মৃত্যুর আগেই আনোয়ার পুলিশে যোগ দিয়েছিলেন। সর্বশেষ তিনি নারায়ণগঞ্জ সদর মডেল থানার শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

শাহাবুদ্দিন মোল্লা স্মৃতিচারণ করে বলেন, কৃষক বাবার স্বপ্ন ছিল ছোট ছেলে পুলিশে চাকরি করবে। বাবার সেই স্বপ্নপূরণে ২০১৮ সালে পুলিশে যোগ দিয়েছিলেন আনোয়ার মোল্লা (৩৩)। কিন্তু ছোট ভাই এখন ফিরল লাশ হয়ে। 

তিনি আরও জানান, তিন ভাই ও দুই বোনের মধ্যে আনোয়ার ছিলেন সবার ছোট এবং পরিবারের সবার অত্যন্ত আদরের। তার স্বভাব ছিল অত্যন্ত নম্র, কারও সঙ্গে কখনো খারাপ ব্যবহার করতেন না এবং কোনো ঝগড়া-বিবাদে জড়াতেন না। ২০১৮ সালে পুলিশে যোগ দেওয়ার কিছুকাল পরেই বিয়ে করেন আনোয়ার। তার সংসারে দুটি সন্তান রয়েছে।

কথার একপর্যায়ে আবেগপ্রবণ হয়ে কান্নায় ভেঙে পড়েন শাহাবুদ্দিন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আনোয়ারের মৃত্যুতে আমাদের সব স্বপ্ন চুরমার হয়ে গেছে।’

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মনজুরুল ইসলাম আনোয়ারের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। তিনি মুক্তকণ্ঠকে জানান, আনোয়ারের বুকের ডান পাশে ধারালো অস্ত্রের আঘাতে গভীর ক্ষত ও ছিদ্র হয়েছে। ঘাড়ের বাঁ পাশে চাপাতি দিয়ে কোপ দেওয়া হয়েছে। এ ছাড়া তার নাক ও মুখে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

আনোয়ারের সহকর্মী শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির কনস্টেবল শামীম হোসেন জানান, অভিযানের অংশ হিসেবে গতকাল রাতে তথ্য সংগ্রহ করতে ওই এলাকায় গিয়েছিলেন আনোয়ার। সেখানে দুর্বৃত্তরা তাকে চিনে ফেলে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এই হামলার সময় সঙ্গে থাকা এএসআই আব্দুল সাত্তার দ্রুত পালিয়ে যাওয়ায় প্রাণে রক্ষা পান।

নাম প্রকাশ না করার শর্তে জেলা পুলিশের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, কাশীপুরের হাশেমবাগ এলাকায় ডেভিড ও কামাল গ্রুপের সদস্যরা মাদক ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও কিশোর গ্যাংয়ের বিভিন্ন অপরাধে লিপ্ত। এসব অপরাধী দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে চলাফেরা করে। 

শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির দুই সদস্য সেখানে তথ্য সংগ্রহে গেলে অপরাধীরা তাদের ওপর হামলা চালায়। থানা এলাকার সীমানা সঠিকভাবে চিহ্নিত না থাকায় অপরাধীরা সেই সুযোগটি নিয়েছে বলে মনে করছেন অনেক কর্মকর্তা।

এদিকে, আনোয়ার মোল্লা হত্যাকাণ্ডের ঘটনায় আজ সোমবার দুপুর পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি এবং কাউকে গ্রেপ্তারও করা সম্ভব হয়নি। তবে অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। 

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী মুক্তকণ্ঠকে বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই ঘটনার প্রেক্ষিতে শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুল সাত্তারকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। আনোয়ারের মরদেহ নারায়ণগঞ্জ পুলিশ লাইনসে জানাজা শেষে তার গ্রামের বাড়িতে নিয়ে গিয়ে দাফন করা হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অ্যান্টিবায়োটিক অকার্যকারিতায় প্রতি বছর সোয়া লাখ মানুষ মৃত্যুবরণ করেন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

অ্যান্টিবায়োটিক অকার্যকারিতায় প্রতি বছর সোয়া লাখ মানুষ মৃত্যুবরণ করেন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী