পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আবাসিক এলাকা গ্রিন সিটি থেকে বুখিনস্কি ইভগেনি নামে এক রুশ নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে গ্রিন সিটির ১৪ নম্বর ভবনের ১২ তলার ১১৪ নম্বর কক্ষের বাথরুম থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত বুখিনস্কি ইভগেনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘অ্যাটমটেকএনার্গো’তে কর্মরত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান।
গ্রিন সিটিতে দায়িত্ব পালনরত কর্মকর্তাদের বরাত দিয়ে ওসি জানান, সোমবার দীর্ঘ সময় ওই বিদেশি নাগরিকের কোনো সাড়াশব্দ না পেয়ে নিরাপত্তাকর্মীরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা কক্ষটির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় বাথরুমে তার লাশ পড়ে থাকতে দেখা যায়।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কারণ জানা যায়নি। ওসি আসাদুর রহমান জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। প্রতিবেদন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Mytv Online