গোপালগঞ্জে পরীক্ষা আয়োজন নিয়ে দুশ্চিন্তায় থাকার কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, এক বা দুটি বিষয়ে অকৃতকার্য হওয়ার কারণে শিক্ষার্থীরা যেন পিছিয়ে না পড়ে, সেজন্য বিশেষ পরীক্ষা আয়োজনের উদ্যোগ নিয়েছে সরকার।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলন-২০২৬’ এ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য বিশেষ পরীক্ষা আয়োজনের প্রসঙ্গ তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, আমরা চাই না দু-একটি বিষয়ে ফেল করার কারণে তারা অযথা বসে থাকুক এবং মাদকাসক্ত হোক বা মোবাইল আসক্ত হোক।
শিক্ষামন্ত্রী জানান, দেশে ভর্তির জন্য ১৫ লাখ আসন রয়েছে। অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য বিশেষ পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। এ পরীক্ষায় প্রায় দুই লাখ ৯০ হাজার শিক্ষার্থী অংশ নেবে বলে জানান তিনি। তবে গোপালগঞ্জে পরীক্ষা আয়োজন নিয়ে দুশ্চিন্তার কথা তুলে ধরেন মন্ত্রী।
পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে অসংগতির বিষয়েও কথা বলেন এহছানুল হক মিলন। তিনি জানান, পুনর্নিরীক্ষণে এসএসসির ৫২ হাজার এবং এইচএসসির ২৩ হাজার খাতার গ্রেড পরিবর্তন হয়েছে। শিক্ষকদের উত্তরপত্র মূল্যায়ন পদ্ধতির দিকে আরও নজর দেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাব্যবস্থা নিয়ে প্রধানমন্ত্রী কাজ করছেন। কিছু ক্ষেত্রে ভুল হয়েছে। আগামী বছর সেসব জায়গায় নির্ভুলভাবে কাজ করার চেষ্টা করা হবে। দেশের বিশাল জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে শিক্ষক ও শিক্ষার্থীর সংখ্যায় অসামঞ্জস্য নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, কোনো কোনো কলেজে শিক্ষক আছেন, কিন্তু শিক্ষার্থী নেই। আবার কোথাও শিক্ষার্থী থাকলেও পর্যাপ্ত শিক্ষক নেই।
অবকাঠামোগত উন্নয়নের চেয়ে শিক্ষার গুণগত মানোন্নয়নকে সরকার বেশি গুরুত্ব দিচ্ছে বলেও জানান শিক্ষামন্ত্রী।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে সম্মিলনে সারাদেশের কলেজের অধ্যক্ষরা অংশ নেন।
Mytv Online