যুক্তরাষ্ট্র যতদিন পর্যন্ত ইরানের অবস্থান ও শর্ত মেনে না নিচ্ছে, ততদিন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধই রাখা হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে তেহরান।
ইরানের নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি এক বিবৃতিতে বলেছেন, এই জলপথ পুনরায় খুলে দেওয়ার কোনো পরিকল্পনা বর্তমানে তাদের নেই। যুক্তরাষ্ট্র যাতে ইরানি জাতির মর্যাদা ও অবস্থানকে স্বীকৃতি দিতে বাধ্য হয়, মূলত সেজন্যই এই কঠোর অবস্থানে অনড় রয়েছে দেশটি।
ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনার খবরে বলা হয়েছে, আঞ্চলিক স্থিতিশীলতার ওপর জোর দিয়ে অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেন, মধ্যপ্রাচ্যে অতীতের মতো নিরাপত্তা ফিরিয়ে আনা জরুরি। আর সেটি করতে হলে এই অঞ্চলের বাস্তবতাকে স্বীকার করে নিতে হবে এবং বিভিন্ন দেশের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে।
এ সময় প্রতিবেশী দেশগুলো ও তাদের শাসকদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, তারা ঠিক কোন পক্ষে অবস্থান নিচ্ছেন, তা তাদের অবশ্যই স্পষ্টভাবে বুঝতে হবে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার আগ পর্যন্ত বিশ্ববাজারে সরবরাহকৃত মোট তেল ও গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই হরমুজ প্রণালি দিয়েই পরিবাহিত হতো। যুদ্ধ শুরুর পর থেকে গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথটি বন্ধ থাকায় বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে।
Mytv Online