মুসলিম বিশ্বের অর্থনৈতিক সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে সদস্য দেশগুলোর মধ্যে একটি শক্তিশালী ও সমন্বিত পরিবহণ ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
ইস্তাম্বুলে আয়োজিত ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পরিবহণ মন্ত্রীদের এক সম্মেলনে পাঠানো ভিডিও বার্তায় তিনি এই গুরুত্বারোপ করেন।
প্রেসিডেন্ট এরদোগান বলেন, এশিয়া থেকে আফ্রিকা এবং ইউরোপ থেকে মধ্যপ্রাচ্য পর্যন্ত বিশাল ভৌগোলিক এলাকা জুড়ে মুসলিম দেশগুলোর অবস্থান। এই অঞ্চলের প্রাকৃতিক করিডোর, গতিশীল তরুণ জনশক্তি এবং দ্রুত বর্ধনশীল বাজারগুলোকে কৌশলগত শক্তিতে রূপান্তর করতে হলে একটি দক্ষ ও নির্ভরযোগ্য যোগাযোগ নেটওয়ার্ক অপরিহার্য।
তুর্কি প্রেসিডেন্ট বলেন, সদস্য দেশগুলোর মধ্যে মহাসড়ক, রেলপথ, সমুদ্রবন্দর এবং বিমানবন্দরগুলোর সংযোগ শক্তিশালী হলে তা কেবল বাণিজ্যিক লেনদেনই বাড়াবে না, বরং দেশগুলোর মধ্যে সামাজিক ও সাংস্কৃতিক মিথস্ক্রিয়াকেও ত্বরান্বিত করবে। নিজের দেশের অবকাঠামোগত উন্নয়নের উদাহরণ টেনে তিনি বলেন, মারমারে রেল টানেল, ইউরেশিয়া টানেল এবং বড় বড় সেতু নির্মাণের মাধ্যমে তুরস্ক ইতোমধ্যে বৈশ্বিক বাণিজ্য পথে নিজেদের অবস্থান দৃঢ় করেছে। বিশেষ করে ট্রান্স-কাস্পিয়ান ইস্ট-ওয়েস্ট মিডল করিডোর প্রকল্পের মাধ্যমে তুরস্ক ঐতিহাসিক সিল্ক রোডকে আধুনিক আঙ্গিকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে।
এরদোগান স্পষ্ট করেন, তুরস্ক এই বিশাল বিনিয়োগগুলোকে কেবল জাতীয় স্বার্থে দেখছে না। তাদের মূল লক্ষ্য হলো ওআইসি সদস্য দেশগুলোর সঙ্গে সংহতি বাড়ানো এবং যৌথ প্রকল্পের মাধ্যমে আন্তঃসীমান্ত করিডোর তৈরি করা।
সূত্র: আরটি নিউজ
Mytv Online