আমার মৃত্যুদৃশ্য এত মানুষকে কাঁদাবে কল্পনাতেও ছিল না

আপলোড সময় : ০৩-০৫-২০২৬ ০৩:৩০:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৫-২০২৬ ০৩:৩০:৩৪ অপরাহ্ন
মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত সাড়া জাগানো সিরিয়াল ‘এটা আমাদেরই গল্প’তে ফাহাদ (ইরফান সাজ্জাদ) সামির (খাইরুল বাশার)-এর বাবা গুলজার আহমেদ চরিত্রে অভিনয় করেছেন নাদের চৌধুরী। সিরিয়ালের প্রতিটি চরিত্রের পাশাপাশি বাবা হিসেবে নাদের চৌধুরীর চরিত্রটিও জনপ্রিয়তা পেয়েছে। এই অভিনেতা আবেগি হয়ে বললেন, ঝড়ের বেগের মতো সাড়া পাচ্ছি আমি। যা আমার কল্পনাতেও ছিল না।


১৯৮৯ সালে টিভিতে প্রথম নাটকে অভিনয় করেছিলেন নাদের চৌধুরী। এরপর তিনি শতশত নাটক, সিনেমাতেও কাজ করেছেন। তিনি বললেন, জীবনের এই পর্যায়ে এসে দেশ-বিদেশের অগণতি দর্শকের কাছ থেকে এত এত ভালোবাসা পাবো তা একেবারেই কল্পনাতেও ছিল না।


পরিবার সুখ, দুঃখ, সম্পর্কের নানা সমীকরণ, প্রেম-বিয়ে ও দুই ভাইয়ের মনমালিন্যের গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘এটা আমাদেরই গল্প’। সিরিয়ালটির ৪৯-তম এপিসোডে দেখা যায়, বড়ছেলে ফাহাদের প্রতারণা করে বাড়ি লিখে নেয়ার কষ্ট সইতে না পেরে মারা যান বাবা গুলজার!



নাদের চৌধুরী বলেন, প্রিয়জন চলে যাবার পর মানুষের মনের মাঝে যে ঝড় ওঠে, এটা আমাদেরই গল্প-তে আমার চলে যাওয়ার মধ্যদিয়ে যেন তাই হলো। টানা কয়েক দিন ধরে ফোনে, ম্যাসেঞ্জারে এত এত মানুষের ফোন ম্যাসেজ যা আমাকে ভীষণভাবে আবেগাপ্লুত করেছে। সবাই আমার খোঁজ নিচ্ছেন আমি কেমন আছি।


মানুষের এত ভালোবাসায় নিজের চোখে পানি চলে আসছে উল্লেখ করে নাদের চৌধুরী বলেন, আমার মৃত্যুদৃশ্য এত মানুষকে কাঁদাবে, মানুষের মাঝে এত আলোড়ন সৃষ্টি করবে তা কল্পনাতেও ছিল না। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, সত্যিই রাজ বাংলা নাটকে নতুন এক ইতিহাস সৃষ্টি করেছে।নাদের চৌধুরী আরও বলেন, ‘এটা আমাদেরই গল্প’ দেশ-বিদেশে নতুন জেনারেশনকে টিভি সেটের সামনে ফিরিয়ে নিয়ে এসেছে, এই নাটক দেখার জন্য নতুন জেনারেশন টিভি সেট কিংবা আবার বাংলাদেশের নাটক দেখছে এটা অনেক বড় অর্জন বলে আমি মনে করি।



বাংলাদেশের নাটক নতুন রেকর্ড তৈরী করা সিরিজ ‘এটা আমাদেরই গল্প’র দর্শকদের মন জয়ের যাত্রা থামছে ৫২তম পর্বে। চ্যানেল আইয়ে সম্প্রচারের পর আগামী ৮ মে বিকেল ৩টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে আসবে এর শেষ পর্ব।তবে সাধারণভাবে নয়, দর্শকদের জন্য উপহার হিসেবে শেষ পর্বের দৈর্ঘ্য থাকছে ৯২ মিনিট! সাধারণত ‘এটা আমাদেরই গল্প’র প্রতিটি পর্বের দৈর্ঘ্য হয়ে থাকে ২৫-২৮ মিনিট।


সিনেমাওয়ালার ব্যানারে নির্মিত ‘এটা আমাদেরই গল্প’তে আরও অভিনয় করেছেন কেয়া পায়েল, মনিরা মিঠু, শিল্পী সরকার অপু, মাহমুদুল ইসলাম মিঠু, এমএনইউ রাজু, মুকিত জাকারিয়া, ডিকন নূর, ইসরাত অতিথি, অদিতি জামান স্নেহা।চিত্রগ্রহণে আদিত্য মনির। এর টাইটেল গান গেয়েছেন আরফিন রুমি ও দোলা রহমান। লিখেছেন মাহমুদ মানজুর। সুর ও সংগীতায়োজনে আরফিন রুমি।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com