১০ মে এনসিপির মেয়র-চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা

আপলোড সময় : ০৫-০৫-২০২৬ ০৬:২৮:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৫-২০২৬ ০৬:২৮:০৭ অপরাহ্ন


আগামী রবিবার (১০ মে) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র পদ প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

তিনি বলেন, ‘৩০ এপ্রিলের মধ্যে আমাদের ১০০টি উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রপ্রার্থীর নাম ঘোষণা করার কথা ছিল। কিন্তু আমাদের ব্যক্তিগত এবং সামগ্রিক কিছু সমস্যার কারণে আমরা তারিখটি পিছিয়ে নিয়েছি।’ 
মঙ্গলবার (৫ মে) রাজধানীর বাংলামোটর রূপায়ন টাওয়ারে দলের অস্থায়ী কার্যালয়ে রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের এনসিপিতে যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আমরা আশা করছি আগামী ১০ মে’র মধ্যে আমরা এনসিপি থেকে প্রাথমিকভাবে সমর্থিত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এবং মেয়র পদপ্রার্থীদের তালিকা ঘোষণা করতে পারব।”

সারজিস আলম বলেন, ‘এ ছাড়া এ মাসের মধ্যেই সাতটি সিটি করপোরেশনে এনসিপি সমর্থিত মেয়র পদপ্রার্থীদের নাম আমরা ঘোষণা করব। এখন আমরা একটি ১১ দলীয় জোটে আছি। বিরোধী দল হিসেবে রাজনীতি করছি। সংসদে ভূমিকা পালন করছি। কিন্তু একই সাথে এনসিপিকে এককভাবে, সাংগঠনিকভাবে, রাজনৈতিকভাবে শক্তিশালী হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করছি। এ কারণে আমরা এখন এককভাবে প্রত্যেকটি জায়গায় স্থানীয় নির্বাচনে এনসিপির প্রার্থী ঘোষণা করব।’

এনসিপির এ নেতা বলেন, বিএনপির পক্ষ থেকে আবার স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে ২০২৭ সালের ডিসেম্বরে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। তারা ইতোমধ্যে জেলা পরিষদ এবং সিটি করপোরেশনে প্রশাসক বসিয়েছে। 

তিনি বলেন, উপজেলা পর্যায়ে কোনো উপজেলা চেয়ারম্যান এই মুহূর্তে তার পদে নেই। তারা আবার তাদের পূর্বের ক্ষমতাসীনদের মতো ক্ষমতাকে কুক্ষিগত করার যে পাঁয়তারা সে পাঁয়তারা শুরু করেছে। শুনতে পাচ্ছি তারা নাকি উপজেলা পরিষদ বিলুপ্ত করার চেষ্টা করছে। এ ধরনের ক্ষমতাকে কুক্ষিগত করা তাদের জন্য হিতে বিপরীত হবে। এজন্য আমরা আহ্বান করব সিটি করপোরেশন এবং উপজেলা ও পৌরসভা নির্বাচন এ বছরের মধ্যেই দিতে হবে।

 
 
 
 


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com