এনআইডিতে ‘অ্যাডভোকেট’ পদবি চান হুইপ দুলু, নাকচ করল ইসি

আপলোড সময় : ০৭-০৫-২০২৬ ১১:০৪:৩৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৭-০৫-২০২৬ ১১:০৪:৩৩ পূর্বাহ্ন
জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) নিজের নামের আগে ‘অ্যাডভোকেট’ পদবি যুক্ত করার আবদার করেছিলেন জাতীয় সংসদের হুইপ এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তবে, আইনি সীমাবদ্ধতার কারণে হুইপের এমন আবেদন সরাসরি নাকচ করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।বুধবার (০৬ মে) এনআইডি অনুবিভাগের দায়িত্বশীল কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।


ইসির সংশ্লিষ্টরা জানান, হুইপ এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু তার এনআইডিতে নাম সংশোধন করে পেশাগত পরিচয় হিসেবে ‘অ্যাডভোকেট’ শব্দটি যোগ করার জন্য ইসিতে আবেদন জমা দেন। তবে, অর্জিত কোনো পদবি বা পেশাগত পরিচয় মূল নামের অংশ হিসেবে ব্যবহারের সুযোগ না থাকায় কমিশন প্রাথমিক পর্যায়েই তা না-মঞ্জুর করে দেয়। এই সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে তিনি পুনরায় পুনর্বিবেচনার আবেদন করলেও কমিশন এখন পর্যন্ত নিজের অবস্থানে অনড় রয়েছে এবং নতুন করে কোনো ইতিবাচক সিদ্ধান্ত জানায়নি।


নির্বাচন কমিশনের কর্মকর্তারা এই বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন। তারা জানান, বর্তমানে কেবল উচ্চ আদালতের সুনির্দিষ্ট নির্দেশনা থাকায় বিচারপতিদের ক্ষেত্রে এবং রাষ্ট্রীয় সম্মাননা হিসেবে ‘বীর মুক্তিযোদ্ধা’ শব্দ ব্যবহারের সুযোগ রয়েছে এনআইডিতে। কিন্তু ভোটার তালিকা আইন-২০০৯ অনুযায়ী, নামের শুরুতে ‘ড.’, ‘প্রফেসর’, ‘হাজি’, ‘আলহাজ’ কিংবা ‘অ্যাডভোকেট’-এর মতো কোনো শিক্ষাগত, ধর্মীয় বা পেশাগত উপাধি ব্যবহারের কোনো বৈধ বিধান নেই। ফলে আইনি জটিলতার কারণেই হুইপ দুলুর এই বিশেষ আবদারটি রাখা সম্ভব হচ্ছে না।
 


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com