বগুড়ায় হচ্ছে আন্তর্জাতিক বিমানবন্দর ও বিমানঘাঁটি

আপলোড সময় : ০৭-০৫-২০২৬ ০২:২৬:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৫-২০২৬ ০২:২৬:৩১ অপরাহ্ন
উত্তরাঞ্চলের যোগাযোগ ও অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর এবং অত্যাধুনিক বিমানঘাঁটি স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আজ (বৃহস্পতিবার, ৭ মে) সকালে সরকারের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল বগুড়া বিমানবন্দর এলাকা পরিদর্শন করেছেন।প্রতিনিধিদলে ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা, প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।


পরিদর্শন শেষে জানানো হয়, আন্তর্জাতিক মানের বিমানবন্দর নির্মাণের লক্ষ্যে ১০ হাজার ৫০০ ফুট দীর্ঘ রানওয়ে করার পরিকল্পনা নেয়া হয়েছে। এখানে যাত্রীবাহী উড়োজাহাজের পাশাপাশি কার্গো সুবিধা থাকবে, যা উত্তরাঞ্চলের কৃষিপণ্য রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি সরকারি-বেসরকারি উদ্যোগে পাইলট প্রশিক্ষণের জন্য আন্তর্জাতিক মানের ফ্লাইং একাডেমি ও ট্রেনিং সেন্টার স্থাপন করা হবে।


বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেন, ‘উত্তরাঞ্চলে একটি অত্যাধুনিক বিমানঘাঁটি নির্মাণের অনুমোদন প্রধানমন্ত্রী দিয়েছেন। এটি বাস্তবায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’ সেখানে আধুনিক প্রশিক্ষণ ও অপারেশনাল সুবিধা গড়ে তোলা হবে বলেও তিনি জানান।বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় বগুড়াকে দেশের অন্যতম এভিয়েশন হাবে রূপান্তর করা হবে। এ অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাতে এ বৃহৎ পরিকল্পনা নেয়া হয়েছে।’


স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘গত ২০ এপ্রিল বগুড়ার জনসভায় দেয়া প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী এই মেগা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। বিমানবন্দর, শিক্ষাপ্রতিষ্ঠান ও কার্গো সুবিধা নিশ্চিত হলে সমগ্র উত্তরাঞ্চলের বিনিয়োগ ও কর্মসংস্থানে ব্যাপক পরিবর্তন আসবে।’সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এ প্রকল্প বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলে শিল্পায়ন ও পর্যটন খাতের পাশাপাশি দেশের কৌশলগত ও অর্থনৈতিক গুরুত্ব বহুগুণ বৃদ্ধি পাবে।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com