বিপিএল ফিক্সিংয়ে শাস্তির মুখে ৫ ক্রিকেটার

আপলোড সময় : ০৭-০৫-২০২৬ ০৬:৪২:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৫-২০২৬ ০৬:৪২:৩৮ অপরাহ্ন

২০২৫ সালের বিপিএলে ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকায় অন্তত পাঁচজন ক্রিকেটার শাস্তির মুখে পড়তে যাচ্ছেন। 

বৃহস্পতিবার (৭ মে) সংবাদ সম্মেলনে বিসিবির অ্যাড-হক কমিটির প্রধান তামিম ইকবাল এই তথ্য নিশ্চিত করেছেন।
 
তিনি জানান,পাঁচজন ক্রিকেটারের বিরুদ্ধে ২০২৫ সালের বিপিএলে ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার প্রমাণ পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। তবে এখন পর্যন্ত এসব ক্রিকেটারের নাম প্রকাশ করেনি বিসিবি। 

২০২৫ সালের বিপিএল চলাকালেই ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। বিষয়টি গুরুত্বের সাথে বিসিবির তৎকালীন সভাপতি ফারুক আহমেদ একটি উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করেন। দীর্ঘ সময় অনুসন্ধানের পর কমিটি বিসিবির কাছে প্রায় ৯০০ পৃষ্ঠার একটি তদন্ত প্রতিবেদন জমা দেয়। সেই প্রতিবেদন তুলে দেওয়া হয় বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শালকে। এরপর যাচাই বাছাই করে কয়েকজন ক্রিকেটার এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ফিক্সিংয়ে জড়িত থাকার প্রমাণ পান। যদিও প্রাথমিক পর্যায়ে তদন্তের স্বার্থে কারো নাম প্রকাশ করা হয়নি।

অবশেষে বৃহস্পতিবার মিরপুরে সংবাদমাধ্যমের সামনে এ বিষয়ে কথা বললেন তামিম ইকবাল। 

তিনি জানিয়েছেন, পাঁচজন ক্রিকেটারকে এই অপরাধের জন্য চিহ্নিত করা হয়েছে এবং তাদের জন্য শাস্তি অপেক্ষা করছে। তামিম বলেন, ‘তদন্তে অপরাধ প্রমাণিত হয়েছে। ৫ জন ক্রিকেটার বড় ধরনের শাস্তি পেতে যাচ্ছেন।’

তবে এখনই তাদের নাম সরাসরি প্রকাশ করেননি তিনি। বিসিবি জানিয়েছে, একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দণ্ডিত ক্রিকেটারদের নাম এবং তাদের সাজার মেয়াদ বিস্তারিত জানানো হবে।

এছাড়াও বিপিএলের অনিয়ম নিয়েও আজ কথা বলেছেন তামিম। সংবাদ সম্মেলনে তিনি জানান, ‘একটি স্বনামধন্য দল ছাড়া বিপিএলে কেউই ব্যাংক গ্যারান্টির নিয়ম মানেনি।’

বাংলাদেশের এই টি-টোয়েন্টিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজন করতে গিয়ে আর্থিক ক্ষতি হচ্ছে বলে উল্লেখ করেছেন তামিম। 

বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি বলেন, ‘বুঝলাম আপনি একটা টুর্নামেন্ট করছেন। আগে এই টুর্নামেন্ট এক সময় লাভ করত। আজ সেই টুর্নামেন্টে ১০ থেকে ১৪, ১৫, ১৬ যা-ই হোক, সঠিক সংখ্যাটা আমি বলতে পারছি না। তবে এরকম কিছু একটা হবে ১৪-১৬ হাজার কোটি টাকার মধ্যে। এভাবে করে আর কয় দিন। আমাদের আরও কিছু করার আছে। আমি জানি না সামনে ইনশা আল্লাহ যদি দায়িত্বে আসি, আমার ইচ্ছা পরিষ্কার বলে দিচ্ছি। যদি যথাযথ ফ্র্যাঞ্চাইজি না পাই, তাহলে মনে হয় না বিপিএলটা করা উচিত আমাদের।’

 
 
 
 


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com