৩০০ ফিটের আশপাশে দ্রুত সেবা নিশ্চিতে নতুন পুলিশ ফাঁড়ি

আপলোড সময় : ০৮-০৫-২০২৬ ০৯:৪৪:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৫-২০২৬ ০৯:৪৪:২৫ অপরাহ্ন
রাজধানীর ৩০০ ফিট ও এর আশপাশের এলাকায় দ্রুত সেবা দিতে খিলক্ষেতে নতুন পুলিশ ফাঁড়ি খোলা হয়েছে। শুক্রবার (৮ মে) দুপুরে খিলক্ষেত থানা এলাকার এই ভবন উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। ডিএমপির মিডিয়া শাখা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আইজিপি জানান, ৩০০ ফিট এক্সপ্রেস ঘিরে এই এলাকায় ব্যবসায়িক ও প্রশাসনিক ভবনের পাশাপাশি জনসমাগম ও যানবাহন চলাচল বেড়েছে। বরুয়া, ডুমনি, পাতিরা ও তলনা এলাকাগুলো থানা থেকে দূরে হওয়ায় জরুরি পরিস্থিতিতে দ্রুত পুলিশি সেবা দেওয়া আগে কঠিন ছিল। নতুন এই ফাঁড়ি স্থাপনের ফলে জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া সম্ভব হবে।

আইজিপি আরও জানান, জমিসংক্রান্ত বিরোধ, মাদক ও ছিনতাই রোধে পুলিশের সার্বক্ষণিক উপস্থিতি নিশ্চিত করবে এই ফাঁড়ি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরোয়ার বলেন, শৃঙ্খলা বজায় রাখতে এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে ডিএমপি বদ্ধপরিকর। তিনি বিশ্বাস করেন, এই নতুন ভবন স্থানীয় নিরাপত্তার চিত্র বদলে দেবে।

অনুষ্ঠানে পুলিশ সদর দপ্তর ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
 
 
 
 


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com