রূপপুর প্রকল্প

প্রথম ইউনিটে জ্বালানি লোডিং সফল হওয়ায় ৬০ কর্মকর্তাকে সম্মাননা

আপলোড সময় : ১৫-০৫-২০২৬ ০৬:৩০:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৫-২০২৬ ০৬:৩০:৩৮ অপরাহ্ন
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ‘ফিজিক্যাল স্টার্টআপ’ বা জ্বালানি লোডিং সফলভাবে সম্পন্ন হওয়ায় প্রকল্পে কর্মরত ৬০ কর্মকর্তাকে সম্মাননা দেওয়া হয়েছে।

শুক্রবার (১৫ মে) প্রকল্প এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে তাদের এ সম্মাননা দেওয়া হয়।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্মাণকাজ ও প্রথম ইউনিট চালুর প্রস্তুতিতে পেশাদারিত্ব, দায়িত্বশীলতা এবং গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তাদের এ সম্মাননা দেওয়া হয়।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ফিজিক্যাল স্টার্টআপকে দেশের জ্বালানি খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। এর মাধ্যমে প্রকল্পটি আরও একধাপ এগিয়ে গেল বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সাথে এটি প্রকল্পে জড়িত বিভিন্ন সংস্থা ও কর্মীদের সমন্বিত কাজের সক্ষমতারও প্রতিফলন বলে উল্লেখ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের ইতিহাসে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিদ্যুৎ প্রকল্প। দীর্ঘদিনের পরিকল্পনা ও পরিশ্রমের ফলে এখন প্রকল্পটি বাস্তবতার দিকে এগিয়ে যাচ্ছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে সফলভাবে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।

অনুষ্ঠান শেষে সম্মাননা পাওয়া কর্মীদের অভিনন্দন জানানো হয় এবং প্রকল্পের অগ্রযাত্রায় সংশ্লিষ্ট সবার অবদানের প্রশংসা করা হয়।

প্রথম ইউনিটের জ্বালানি লোডিং কার্যক্রম চলতি বছরের ২৮ এপ্রিল শুরু হংয়। পরে ধাপে ধাপে রিঅ্যাক্টর কোরে ১৬৩টি জ্বালানি অ্যাসেম্বলি স্থাপন করা হয়। ইউনিটটির বিদ্যুৎ উৎপাদন শুরুর আগে এটিকে অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প রাশিয়ার প্রযুক্তিগত ও আর্থিক সহায়তায় নির্মিত হচ্ছে। প্রকল্পটিতে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর থাকছে।
 
 
 
 


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com