জানাজার একদিন আগেও ‘জয় বাংলা’ বলার মুরদ ছিল না, একদিন পরও নেই: প্রতিমন্ত্রী মীর হেলাল

আপলোড সময় : ১৫-০৫-২০২৬ ০৮:০৭:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৫-২০২৬ ০৮:০৭:২৯ অপরাহ্ন
পার্বত্যবিষয়ক ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, বিএনপি একটি সহনশীল রাজনৈতিক দল। তবে জানাজার মতো ধর্মীয় পরিবেশে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজেদের রাজনৈতিক দেউলিয়াত্বের পরিচয় দিয়েছেন।

শুক্রবার (১৫ মে) চট্টগ্রামের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের আয়োজন করে যুবদল, ছাত্রদল ও চট্টগ্রাম নগরের পাহাড়তলী, খুলশী, আকবরশাহ, হালিশহর ও ডবলমুড়িং থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মীর হেলাল বলেন, “জানাজার আগে যেমন ‘জয় বাংলা’ বলার সাহস ছিল না, জানাজার পরও নেই। জানাজার শেষে মানুষ সাধারণত দরুদ বা কালেমা পাঠ করে। সেখানে ১০-২০ জন লোক ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কিছু প্রমাণ করতে চাইলে, সেটি তাদের রাজনৈতিক অবস্থানকেই স্পষ্ট করে।”

তিনি আরও বলেন, বিএনপি দেশের রাজনৈতিক সংস্কৃতিতে সহনশীলতা বজায় রাখতে চায় এবং রাজনৈতিক দেউলিয়াত্বের রাজনীতি দেখতে চায় না। দলের ভাবমূর্তি আরও উন্নত করতে নেতাকর্মীরা কাজ করছেন বলেও উল্লেখ করেন তিনি।

বিগত ১৭ বছর ধরে রাজপথে ত্যাগ স্বীকার করা নেতাদের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমানের থাকার কথাও জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি।

উল্লেখ্য, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গত বুধবার (১৩ মে) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান। বৃহস্পতিবার (১৪ মে) চট্টগ্রাম নগরের জমিয়াতুল ফালাহ জামে মসজিদ ময়দানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে একদল লোক ‘জয় বাংলা’ স্লোগান দিলে সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

এ ঘটনায় শুক্রবার সন্ধ্যা পর্যন্ত মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ২৫ জনকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
 
 
 
 


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com