ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

আপলোড সময় : ১৬-০৫-২০২৬ ১১:৫২:৩৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৬-০৫-২০২৬ ১১:৫২:৩৩ পূর্বাহ্ন
বগুড়ায় স্ত্রীর পরকীয়া ও অন্য জায়গায় বিয়ের ক্ষোভ থেকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিষাক্ত ট্যাবলেট সেবন করে রাহুল যাদব (৩২) নামের এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন।বৃহস্পতিবার (১৪ মে) রাতে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নিহত রাহুল যাদব বগুড়া শহরের নামাজগড় ডালপট্টি এলাকার নিরঞ্জন গোয়ালার ছেলে। তিনি বিভিন্ন ডালের আমদানিকারক ও ব্যবসায়ী ছিলেন।


স্বজনরা জানান, রাহুল যাদবের স্ত্রী পরকীয়ায় জড়িয়ে কয়েক মাস আগে ৮ বছর বয়সী কন্যাসন্তানকে রেখে অন্য এক যুবককে বিয়ে করেন। এরপর থেকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন রাহুল। একপর্যায়ে গত বৃহস্পতিবার সকালে তিনি নিজের ফেসবুক আইডিতে আত্মহত্যার ইঙ্গিত দিয়ে একটি স্ট্যাটাস দেন।



সেখানে তিনি লিখেন, ‘নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে। ভালো লাগছে না। আর ভালো থেকো সবাই। আমার বাবুটাকে তোমরা সবাই দেখে রাখিও। বাবু তুমি ভালো করে মানুষের মতো মানুষ হবে। তুমি গেলে বাবুটাকে আমাদের এতিম করে দিয়ে গেলে। ভালো থেকো। আমিও হয়ত আর থাকব না এই পৃথিবীতে।’ 


এরপর বেলা ২টার দিকে নিজ বাড়িতে বিষাক্ত ট্যাবলেট সেবন করেন রাহুল যাদব। পরিবারের সদস্যরা টের পেয়ে বেলা ৩টার দিকে তাকে উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে তার মৃত্যু হয়।


বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল সাদিক বলেন, ঘটনার পর পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com