ঋণের ৫০ হাজার টাকা তুলে বাড়ি ফেরার পথে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

আপলোড সময় : ১৬-০৫-২০২৬ ০৯:১৩:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৫-২০২৬ ০৯:১৩:৫৭ অপরাহ্ন
নীলফামারীর কিশোরগঞ্জে এনজিও থেকে ঋণের টাকা তুলে বাড়ি ফেরার পথে জহুরুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে চেতনানাশক দিয়ে ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। 

শনিবার (১৫ মে) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সদর ইউনিয়নের পুষনা গ্রামের বাসিন্দা। 

ভুক্তভোগী সূত্রে জানা যায়, শনিবার বিকেলের দিকে জহুরুল ইসলাম টিএমএসএস নামে একটি এনজিও থেকে লোনের ৫০ হাজার টাকা উত্তোলন করে বাড়ির দিকে যাচ্ছিলেন। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তার নাকে চেতনানাশক দেয়। এসময়ে তার হাতে কয়েকটি বিদেশি টাকার মতো কাগজ দিয়ে ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। কিছুক্ষণ পরে তার জ্ঞান ফিরলে চিৎকার শুরু করেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেন।

ভুক্তভোগী জহুরুল ইসলাম বলেন, এনজিও থেকে লোনের টাকা তুলে বাড়ি যাওয়ার পথে কয়েকজন এসে আমার নাকে চেতনানাশক দিলে আমার স্বাভাবিক জ্ঞান থাকে না। কিছুক্ষণ পর আমার জ্ঞান স্বাভাবিক হলে হাতে কয়েকটি বিদেশি টাকা দেখে চিৎকার করি। তারপর দেখি আমার পকেটে থাকা ৫০ হাজার টাকা তারা নিয়ে গেছে। এ বিষয়ে থানায় অভিযোগ করেছি।

এ বিষয়ে কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি, আমরা বিষয়টি তদন্ত করে দোষীকে শনাক্তের চেষ্টা করছি।
 
 
 
 


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com