পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি

আপলোড সময় : ২২-০৫-২০২৬ ০৬:৪৩:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৫-২০২৬ ০৬:৪৩:২৫ অপরাহ্ন
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় চোরাকারবারীদের অনুপ্রবেশ ঠেকাতে ফাঁকা গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের কলসিমুখ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা গেছে, রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) এর একটি টহল দল গভীর রাতে সীমান্ত এলাকায় নিয়মিত দায়িত্ব পালন করছিল। এ সময় আন্তর্জাতিক মেইন পিলার ৮০৬-এর কাছাকাছি, বাংলাদেশের প্রায় ২০০ গজ অভ্যন্তরে পশ্চিম গিয়ারপাড়া এলাকায় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন সদস্যরা। পরে দেখা যায়, ভারতীয় সীমান্তের কাটাতারের বেড়া ছেদ করে একটি চোরাকারবারী দল বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে।

টহলরত বিজিবি সদস্যরা প্রথমে তাদের থামতে ও ফিরে যেতে সতর্ক করেন। কিন্তু সতর্কবার্তা উপেক্ষা করে চোরাকারবারীরা সীমান্তের দিকে আরও এগিয়ে আসতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং অনুপ্রবেশকারীদের নিবৃত্ত করতে বিজিবি সদস্যরা দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন।

গুলির শব্দ শুনে চোরাকারবারীরা দ্রুত পিছু হটে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পুরো ঘটনায় কোনো হতাহত বা আটক হওয়ার খবর পাওয়া যায়নি। পরে সীমান্ত এলাকায় অতিরিক্ত সতর্কতা জারি করে টহল জোরদার করা হয়।

রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভারতীয় সীমান্তের কাটাতারের বেড়া কেটে কিছু ব্যক্তি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের সতর্ক করে। কিন্তু নির্দেশ অমান্য করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছোড়া হয়।

তিনি আরও বলেন, বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে এবং যেকোনো ধরনের অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

স্থানীয়দের মতে, পাটগ্রাম সীমান্তের কিছু এলাকায় মাঝেমধ্যেই চোরাকারবারীদের তৎপরতা দেখা যায়। বিশেষ করে গভীর রাতে সীমান্ত পেরিয়ে বিভিন্ন পণ্য আনা-নেওয়ার চেষ্টা করা হয়। এ কারণে সীমান্তজুড়ে নজরদারি আরও বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।
 
 
 


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com