৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার

আপলোড সময় : ২৩-০৫-২০২৬ ০৬:৫০:২১ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৫-২০২৬ ০৬:৫০:২১ অপরাহ্ন
দেশের কৃষি উৎপাদন স্বাভাবিক রাখতে ও সার সরবরাহ নিশ্চিত করতে প্রায় ৬৮৯ কোটি টাকার ইউরিয়া ও ডিএপি সার কেনার দুটি পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

শনিবার (২৩ মে) সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের জন্য কর্ণফুলী সার কারখানা লিমিটেড (কাফকো) থেকে ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে নেওয়া এই সার কেনায় ব্যয় হবে ২৫৪ কোটি ৫২ লাখ ৬৬ হাজার ৫৬২ টাকা ৫০ পয়সা।

বৈঠক সূত্র জানায়, ইউরিয়া সারের প্রতি মেট্রিক টনের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৮৮ দশমিক ৩৭৫ মার্কিন ডলার। এর মধ্যে এফওবি (ফ্রি অন বোর্ড) মূল্য ৬৮৩ দশমিক ৩৭৫ ডলার এবং ব্যাগিং চার্জ ৫ ডলার অন্তর্ভুক্ত রয়েছে। এই সরবরাহের জন্য কাফকোকে সুপারিশকৃত দরদাতা হিসেবে নির্বাচন করা হয়েছে।

একই বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের আরেকটি প্রস্তাবের ভিত্তিতে ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার আমদানির অনুমোদনও দেওয়া হয়। রাষ্ট্রীয় পর্যায়ে মরক্কোভিত্তিক কোম্পানি ওসিপি নিউট্রিক্রপস এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় এই সার আনা হবে।

চুক্তির ১২তম লট (ঐচ্ছিক-চতুর্থ) হিসেবে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে মোট ব্যয় ধরা হয়েছে ৪৩৪ কোটি ৬৬ লাখ ৩৩ হাজার ১০০ টাকা।

ডিএপি সারের প্রতি মেট্রিক টনের মূল্য নির্ধারণ করা হয়েছে ৮৮১ দশমিক ৬৭ মার্কিন ডলার। এ ক্ষেত্রে সুপারিশকৃত সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে ওসিপি নিউট্রিক্রপসকে নির্বাচিত করা হয়েছে।

সরকারি সংশ্লিষ্টরা মনে করছেন, এই দুটি সার আমদানির মাধ্যমে আসন্ন কৃষি মৌসুমে সার সংকটের ঝুঁকি কমবে এবং কৃষি উৎপাদন স্বাভাবিক রাখতে সহায়তা করবে।

 
 
 
 


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com