ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টিকে ঘিরে কয়েকদিন বাদে বাদেই সামাজিক যোগাযোগমাধ্যম গুলোতে গুজব ছড়াতে থাকে। তবে এবার যেনো এই গুজবের মাত্রা আরো একধাপ বেড়ে গেলো । হঠাৎ করেই তার মৃত্যুর গুজবে ছেয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যম। ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে তার মৃত্যুর খবর প্রচার করা হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো নির্ভরযোগ্য সূত্র থেকে বিষয়টি নিশ্চিত করা যায়নি।
সকাল থেকে কয়েকটি ফেসবুক পোস্ট ও অনলাইন মাধ্যমে দাবি করা হয় যে ব্রেন টিউমারে আক্রান্ত এই অভিনেত্রী মারা গেছেন। তবে যাচাই-বাছাইয়ে জানা গেছে, এসব তথ্যের কোনো ভিত্তি নেই এবং এটি সম্পূর্ণ গুজব হিসেবে ছড়িয়েছে।
পারিবারিক ও সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত তথ্য না থাকায় মৃত্যুর খবরটি এখনো অনিশ্চিত রয়ে গেছে। একই সঙ্গে নির্মাতা সকাল আহমেদও বিষয়টি গুজব বলে নিশ্চিত করেছেন।
জানা যায়, গত ফেব্রুয়ারিতে ব্রেন টিউমার ধরা পড়ার পর থেকে অভিনয় ও শুটিং থেকে দূরে আছেন তানিয়া বৃষ্টি। চিকিৎসকদের তত্ত্বাবধানে তার কয়েক দফা অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি বাসায় থেকে বিশ্রাম ও চিকিৎসা নিচ্ছেন।
এর আগে ঈদুল আজহা উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের শুভেচ্ছা জানিয়ে তিনি নিজের শারীরিক অবস্থার উন্নতির কথা জানান। সেখানে তিনি লেখেন, সবার দোয়া ও ভালোবাসায় তিনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন এবং আবারও কাজে ফেরার আশাবাদ ব্যক্ত করেন।
অসুস্থতার কারণে দীর্ঘদিন শুটিং থেকে দূরে থাকলেও ঈদে তার অভিনীত একাধিক নাটক প্রচারিত হচ্ছে, যেগুলোর কাজ তিনি অসুস্থ হওয়ার আগেই শেষ করেছিলেন।