তিরমিজি শরিফের ব্যাখ্যায় বাংলাদেশের নতুন দৃষ্টান্ত, মাওলানা আব্দুল মতিনের ১৭ খণ্ডের গ্রন্থ প্রকাশ

আপলোড সময় : ১৯-০৮-২০২৬ ০৯:৪৫:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৮-২০২৬ ০৯:৪৫:৫৮ অপরাহ্ন
তিরমিজি শরিফের ব্যাখ্যায় বাংলাদেশের নতুন দৃষ্টান্ত,
মাওলানা আব্দুল মতিনের ১৭ খণ্ডের গ্রন্থ প্রকাশ
তিরমিজি শরিফের পূর্ণাঙ্গ আরবি ব্যাখ্যাগ্রন্থ রচনা করে বাংলাদেশের হাদিসচর্চায় নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন মাওলানা আব্দুল মতিন। দীর্ঘ ২৫ বছরের গবেষণা ও পাঠদানের অভিজ্ঞতায় রচিত ‘কিফায়াতুল মুগতাযি ফি শারহি জামে তিরমিজি’র পূর্ণাঙ্গ ১৭ খণ্ড প্রকাশিত হয়েছে। দেশ-
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে মুআসসাসা ইলমিয়্যাহ বাংলাদেশের আয়োজনে ‘হাদিস অনুসরণে সালাফের কর্মপন্থা: প্রসঙ্গ জামে তিরমিজি ও কিফায়াতুল মুগতাযি’ শীর্ষক ইলমি সেমিনারে গ্রন্থটির আনুষ্ঠানিক প্রকাশনা হয়।
বাংলাদেশ, ভারত, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকাসহ বিভিন্ন দেশের আলেম, গবেষক ও শিক্ষার্থীরা এতে অংশ নেন।
অনুষ্ঠানে ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম মাওলানা আবুল কাসেম নোমানি বলেন, ইমাম তিরমিজির গ্রন্থে হাদিসের পাশাপাশি ফকিহদের মতপার্থক্য ও দলিল বিশ্লেষণের ঐতিহ্য রয়েছে। দীর্ঘ গবেষণার মাধ্যমে মাওলানা আব্দুল মতিন সেই ধারাকে আরও সমৃদ্ধ করেছেন বলেও মন্তব্য করেন তিনি।
শায়খুল হাদিস মাওলানা আবুল বাশারের মতে, ‘কিফায়াতুল মুগতাযি’ শুধু একটি ব্যাখ্যাগ্রন্থ নয়, বরং হাদিস শিক্ষার একটি পূর্ণাঙ্গ মডেল।
অন্যদিকে বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক বলেন, শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি হাদিসের ধারাবাহিক ব্যাখ্যা থাকায় গ্রন্থটি হাদিস গবেষণার দীর্ঘদিনের একটি শূন্যতা পূরণ করবে।
২০০১ সালে মালিবাগ মাদরাসায় পাঠদানের প্রয়োজন থেকেই এই গবেষণার সূচনা করেন মাওলানা আব্দুল মতিন। অর্থসংকটের কারণে প্রয়োজনীয় বই সংগ্রহ করতে না পেরে লাইব্রেরি থেকে বই এনে হাতে নোট তৈরি করতেন তিনি। করোনাকালেও টানা কয়েক মাস রাত জেগে গবেষণার কাজ এগিয়ে নেন।
গ্রন্থকার জানান, পুরো কর্মযজ্ঞকে তিনি আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম হিসেবেই দেখেন।
একটি শব্দের ব্যাখ্যা নির্ধারণ করতেও শত শত মূলগ্রন্থ পর্যালোচনা করা হয়েছে বলে জানান জামিয়াতুল উলুমিল ইসলামিয়ার নায়েবে মুহতামিম মাওলানা আব্দুল গাফফার। তাঁর আশা, ভবিষ্যতে তিরমিজি শরিফ নিয়ে গবেষণায় ‘কিফায়াতুল মুগতাযি’ গুরুত্বপূর্ণ রেফারেন্স হিসেবে ব্যবহৃত হবে।
প্রকাশনা সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, প্রথম চার খণ্ড প্রকাশের পরই দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়। আন্তর্জাতিক মান বজায় রেখে আরব বিশ্বের প্রকাশনার ধাঁচে প্রকাশ করা হয়েছে ১৭ খণ্ডের পূর্ণাঙ্গ সংস্করণ।
সেমিনারে দেশ-বিদেশের একাধিক আলেম গ্রন্থটির গবেষণাগত মান ও গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি গবেষণায় উৎসাহ দিতে নির্বাচিত ১০০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে বিনামূল্যে তুলে দেওয়া হয় ‘কিফায়াতুল মুগতাযি’র ১৭ খণ্ডের পূর্ণাঙ্গ সেট।
দীর্ঘ ২৫ বছরের গবেষণার ফসল ‘কিফায়াতুল মুগতাযি’। প্রকাশনা সংশ্লিষ্ট ও দেশ-বিদেশের আলেমদের মতে, পূর্ণাঙ্গ এই আরবি ব্যাখ্যাগ্রন্থ হাদিসচর্চায় বাংলাদেশের একটি উল্লেখযোগ্য অবদান হিসেবে বিবেচিত হতে পারে।

 


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com