সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

আপলোড সময় : ০৫-০৯-২০২৬ ০৬:১০:০২ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৯-২০২৬ ০৬:১০:০২ অপরাহ্ন

সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সাংবাদিক মাইনুল ইসলামকে সম্মাননা অ্যাওয়ার্ড দিয়েছে ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা)।

ফ্লোরিডার কিসিমিতে অনুষ্ঠিত ফোবানার ৪০তম কনভেনশনের গালা ও উদ্বোধনী আয়োজনে মাইনুল ইসলামের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। দীর্ঘদিনের সাংবাদিকতা, আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ সম্মেলন ও ইভেন্ট কাভার এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন বিষয় গণমাধ্যমে তুলে ধরার স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে।

মাইনুল ইসলাম বর্তমানে চ্যানেল আই যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি ও উপস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলন, গুরুত্বপূর্ণ বৈঠক ও আন্তর্জাতিক ইভেন্টের সংবাদ কাভার করেছেন। জাতিসংঘের বিভিন্ন অধিবেশনসহ আন্তর্জাতিক পর্যায়ের গুরুত্বপূর্ণ আয়োজন থেকে সংবাদ ও বিশেষ প্রতিবেদন করেছেন তিনি।

 

বর্তমানে যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত The Bangla Hour ও BHTV-এর প্রধান সম্পাদক এবং BanglaHour.com-এর নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন মাইনুল ইসলাম। প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা, সাফল্য, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তিনি নিয়মিতভাবে গণমাধ্যমে তুলে ধরছেন।

সম্মাননা গ্রহণের পর মাইনুল ইসলাম বলেন, “সাংবাদিকতা আমার কাছে শুধু একটি পেশা নয়, মানুষের কথা তুলে ধরার একটি দায়িত্ব। দেশ, প্রবাস এবং আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার সুযোগ পেয়েছি। ফোবানার এই সম্মাননা আমার দীর্ঘ সাংবাদিকতা জীবনের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। এই স্বীকৃতি ভবিষ্যতে আরও দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় আমাকে অনুপ্রাণিত করবে।”

ফোবানার ৪০তম কনভেনশনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আসা প্রবাসী বাংলাদেশি, কমিউনিটি নেতৃবৃন্দ, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিশিষ্টজনেরা অংশ নেন।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com