বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

আপলোড সময় : ১৬-০৯-২০২৬ ০৬:১৫:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৯-২০২৬ ০৬:১৫:১৬ অপরাহ্ন
বাংলাদেশ ব্যাংক থেকে প্রতিবছর ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা ঋণ সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। 

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় ৫০ কোটি টাকার স্টার্টআপ তহবিল গঠন করা হয়েছে জানিয়ে মাহদী আমিন বলেন, এর মাধ্যমে প্রতিবছর ৫ হাজার তরুণকে জামানতবিহীন ঋণ দেওয়া হবে। পাশাপাশি সাধারণ মানুষের হাতে স্মার্টফোন তুলে দিতে এর দাম ২ থেকে ৩ হাজার টাকায় নামিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। 

ফ্রিল্যান্সারদের জন্য আইটি পার্ক ও মাস্টারপ্ল্যান গ্রহণ করা হয়েছে। এ ছাড়া সব গ্রেডে সরকারি চাকরিজীবীদের জন্য অভিন্ন বয়সসীমা ও বেতন কাঠামো (সর্বনিম্ন ২০ হাজার থেকে সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা) অনুমোদন করা হয়েছে।

শিক্ষাখাতের উন্নয়নের কথা তুলে ধরে তিনি জানান, বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ে কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে। উচ্চশিক্ষায় শীর্ষ ৫ শতাংশ মেধাবী শিক্ষার্থীকে শতভাগ সরকারি শিক্ষাবৃত্তি এবং এসএসসি পরীক্ষায় শীর্ষ মেধাবীদের বিনামূল্যে ল্যাপটপ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। 

কওমী ও আলিয়া মাদরাসার শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে বিনামূল্যে সুষম খাবার সরবরাহের রূপরেখা প্রণয়ন করা হয়েছে। এ ছাড়া শিক্ষক দিবস উপলক্ষে সেরা ১০০ জন শিক্ষককে ১ লাখ টাকা করে পুরস্কার দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।

জুলাই বিপ্লবের শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মাহদী আমিন বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী ৭৪ জন শহিদের পরিবারের সদস্যদের হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রবাসী আয়ের কথা উল্লেখ করে তিনি জানান, বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মধ্যেও গত ৬ মাসে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ১৩.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে (প্রায় ১ হাজার ৮৯৪ কোটি ডলার)। সম্পূর্ণ বিনামূল্যে ১০ হাজার বাংলাদেশি কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের সাথে বাণিজ্য চুক্তি এবং বন্যাদুর্গত নেপালে ১ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com