ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে বাংলার প্রধান মন্ত্রী তারেক রহমানের বৈঠক

আপলোড সময় : ২৪-০৯-২০২৬ ০৯:০০:৫২ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৪-০৯-২০২৬ ০৯:০০:৫২ পূর্বাহ্ন

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় বুধবার (২৩ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে ইরানি বার্তাসংস্থা ইলনা। বৈঠকের একটি ছবিও প্রকাশ করেছে সংস্থাটি।

প্রকাশিত ছবিতে দেখা যায়, ছোট পরিসরের আয়োজনে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে দুই নেতার বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ইলনা।

এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়েছেন মাসুদ পেজেশকিয়ান। অধিবেশনে দেওয়া বক্তব্যে যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করেন তিনি।

পেজেশকিয়ান বলেন, ইরান যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করবে না। তিনি আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ইরানকে সন্ত্রাসী হিসেবে অভিহিত করলেও ইরানই সন্ত্রাসবাদের শিকার।

ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, নিষেধাজ্ঞা, বর্ধিত চাপ ও চাপ প্রয়োগের মুখে ইরানের প্রতিরোধ আরও শক্তিশালী হবে। যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে চুক্তি করতে চাইলে নৌ-অবরোধ তুলে নেওয়ারও দাবি জানান তিনি।

হরমুজ প্রণালির প্রসঙ্গে পেজেশকিয়ান বলেন, আঞ্চলিক অন্য দেশগুলো এই পথ থেকে সুবিধা পাবে, অথচ ইরান সেই সুবিধা পাবে না—এটি গ্রহণযোগ্য নয়।

তবে তারেক রহমান ও মাসুদ পেজেশকিয়ানের বৈঠকে এসব আন্তর্জাতিক ইস্যুর কোনোটি নিয়ে আলোচনা হয়েছে কি না, তা এখনো প্রকাশ করা হয়নি।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com