দেশের উদ্দেশে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী

আপলোড সময় : ২৬-০৯-২০২৬ ১০:১৮:৫৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-০৯-২০২৬ ১০:১৮:৫৬ পূর্বাহ্ন
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ শেষে পাঁচ দিনের নিউইয়র্ক সফর শেষ করে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১১টা ৩০ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাই হয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করেন তিনি। তার সাথে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীরা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এ তথ্য জানিয়েছেন। সূচি অনুযায়ী, ২৬ সেপ্টেম্বর রাতে দুবাই পৌঁছে সেখান থেকে ঢাকার উদ্দেশে রওনা হবে ফ্লাইটটি। ২৭ সেপ্টেম্বর সকাল ৮টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

সফরের সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে প্রধানমন্ত্রীর প্রথমবার বাংলায় ভাষণ দেওয়া। ২৪ সেপ্টেম্বরের ভাষণে তিনি বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, মানবিক সংকট, অর্থনৈতিক সহযোগিতা এবং রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন।

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান হিসেবে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ওপর গুরুত্ব দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সহযোগিতা চান প্রধানমন্ত্রী। সংঘাত নিরসনে সংলাপ, কূটনীতি ও পারস্পরিক সহযোগিতার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

সফরকালে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, আন্তর্জাতিক সংস্থা এবং উন্নয়ন সহযোগীদের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এসব আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, অর্থনৈতিক সহযোগিতা, জলবায়ু, স্বাস্থ্য, শিক্ষা ও আঞ্চলিক সহযোগিতা গুরুত্ব পায়।

এ ছাড়া বোয়িংয়ের সাথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষরিত হয়। ওয়াল স্ট্রিটের প্রতিনিধিদের সাথেও বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা ও বিনিয়োগ নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী।

পাঁচ দিনের সফর শেষে আজ নিউইয়র্ক ছাড়ার মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরের আনুষ্ঠানিক পর্ব শেষ হলো।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com