বিশ্ব পর্যটন দিবসে বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে বিনামূল্যে প্রবেশ

আপলোড সময় : ২৭-০৯-২০২৬ ১১:৪২:১৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৭-০৯-২০২৬ ১১:৪২:১৬ পূর্বাহ্ন
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বান্দরবানের চারটি পর্যটনকেন্দ্রে পর্যটকদের জন্য বিনামূল্যে প্রবেশের সুযোগ দিয়েছে জেলা প্রশাসন।

অতিরিক্ত জেলা প্রশাসক সজীব কান্তি রুদ্র স্বাক্ষরিত জেলা প্রশাসনের পর্যটন সেলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলা প্রশাসন, বান্দরবান পার্বত্য জেলার তত্ত্বাবধানে পরিচালিত পর্যটনকেন্দ্রগুলোতে এ বিশেষ সুবিধা দেওয়া হবে।

এর আওতায় বান্দরবানের জনপ্রিয় পর্যটনকেন্দ্র নীলাচল, মেঘলা, প্রান্তিক লেক ও চিম্বুক-এ পর্যটকদের কাছ থেকে কোনো প্রবেশ ফি নেওয়া হবে না।

প্রতি বছর ২৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী বিশ্ব পর্যটন দিবস পালিত হয়। পর্যটনের গুরুত্ব, স্থানীয় অর্থনীতিতে পর্যটন খাতের ভূমিকা এবং পর্যটন সম্ভাবনাকে তুলে ধরতেই দিনটি পালিত হয়ে থাকে।

বান্দরবান প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়, ঝরনা ও বৈচিত্র্যময় সংস্কৃতির কারণে দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন গন্তব্য। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বিনামূল্যে প্রবেশের এই উদ্যোগে পর্যটকদের উপস্থিতি বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

জেলা প্রশাসনের এ উদ্যোগের ফলে স্থানীয় পর্যটন ব্যবসা ও সংশ্লিষ্ট অন্যান্য খাতও উপকৃত হবে বলে মনে করছেন বান্দরবান হোটেল-রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশন এবং সংশ্লীষ্টরা।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com