সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় আটক ৩

আপলোড সময় : ২৭-০৯-২০২৬ ০১:২৪:২১ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৯-২০২৬ ০১:২৪:২১ অপরাহ্ন
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন।

ডিএমপির ক্যান্টনমেন্ট অঞ্চলের সহকারী কমিশনার (এসি) নাজমুল সংবাদমাধ্যমে জানান, নিউ গিনি প্রপার্টিজ লিমিটেডের সাথে পাশের জমির মালিকের জমি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। এখানে চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি। সালমান মুক্তাদিরের স্টুডিও টার্গেট ছিল না।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সালমান মুক্তাদির।

রাতেই তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভাঙচুরের ভিডিও প্রকাশ করেন।
ভিডিওতে দেখা যায়, স্টুডিওর বিভিন্ন অংশে ভাঙচুর করা হয়েছে। চেয়ার, টেবিল, টেলিভিশনসহ বিভিন্ন আসবাব ও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। স্টুডিওর কর্মীদের কয়েকজনকে কাঁদতে দেখা যায়।

চাঁদাবাজরা মৌচাক মনে করে ভিমরুলের চাকেও ঢিল ছুড়ে দেয় : জামায়াত আমির
ভিডিওতে স্টুডিও দেখিয়ে সালমান বলেন, একটু আগে এখানে অ্যাটাক হয়েছিল…এই পুরা অ্যাটাকে আমাদের স্টুডিও ডেস্ট্রয়েড হয়ে গেছে।

তার দাবি, সৃজনশীল কাজ ও শিল্প-সংস্কৃতির জন্য এমন স্টুডিও দেশে খুব বেশি নেই। তার স্টুডিওটা নষ্ট হয়ে সামগ্রিক ক্ষতি হলো।

সালমান জানান, স্টুডিওটি তার জন্য শুধু ব্যাবসায়িক প্রতিষ্ঠান ছিল না; এর সঙ্গে অনেক তরুণ-তরুণীর কর্মসংস্থান ও সৃজনশীল কাজ জড়িয়ে ছিল। তাই হামলায় স্টুডিওটি ক্ষতিগ্রস্ত হলেও তিনি থেমে যেতে চান না।

তার ভাষায়, আমি থেমে থাকব না। আমি আমার প্যাশন চালিয়ে যাব। দেশ থেকে না হলে দেশের বাইরে থেকে চালিয়ে যাব।

হামলার ঘটনায় মামলা করার কথাও জানিয়েছেন সালমান মুক্তাদির। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত মামলার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ এবং হামলাকারীদের পরিচয়ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।

এ বিষয়ে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন দ্য ডেইলি স্টারকে জানান, জমি নিয়ে ‘নিউ গিনি প্রোপার্টিজ লিমিটেড’ এবং মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিনের মধ্যে বিরোধ রয়েছে। এর জের ধরেই মূলত ভবনটিতে হামলা চালানো হয়েছে। হামলায় গোলাম মহিউদ্দিনের লোকজন জড়িত বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় পুলিশ ইতিমধ্যে তিনজনকে আটক করেছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি গিয়াস উদ্দিন।
 


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com