সেনাবাহিনীর নিরাপত্তায় রূপপুরে যাচ্ছে ইউরেনিয়ামবাহী গাড়িবহর

আপলোড সময় : ০৩-১০-২০২৬ ০৯:১০:০৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৩-১০-২০২৬ ০৯:৩১:০৬ পূর্বাহ্ন
 বাংলাদেশ সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে রওনা হয়েছে ইউরেনিয়ামবাহী গাড়িবহর। প্রথম ইউনিটের জন্য আনা ইউরেনিয়াম তিনটি লরিতে করে নেওয়া হচ্ছে।

শনিবার (৩ অক্টোবর) সকাল ৭টা ১৫ মিনিটের দিকে গাড়িবহরটি রূপপুরের উদ্দেশে বিমানবন্দর ত্যাগ করে। সেনাবাহিনীর পাশাপাশি নিরাপত্তায় রয়েছে এসআরবি, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা।

এর আগে শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য জ্বালানিবাহী বিমান। পরে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মকর্তারা ইউরেনিয়ামের চালানটি বুঝে নেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, সেনাবাহিনীর নিরাপত্তায় ইউরেনিয়ামের চালানটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হচ্ছে।

আগামী নভেম্বর-ডিসেম্বরের মধ্যে আরও নয়টি ফ্লাইটে রূপপুরের প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত ৪৮টি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি দেশে আসার কথা রয়েছে। রাশিয়া থেকে কাজাখস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান, আফগানিস্তান ও ভারত হয়ে এসব চালান বাংলাদেশে পৌঁছাবে।

এর আগে রূপপুরের প্রথম ইউনিটের জন্য ইউরেনিয়ামবাহী বিমান পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে বাংলাদেশে পৌঁছায়। তবে আকাশসীমা ব্যবহারের অনুমতি দিতে প্রথম দিকে গড়িমসি করেছিল পাকিস্তান।

সে সময় আন্তর্জাতিক আইন ও বেসামরিক বিমান চলাচলের প্রটোকলের সঙ্গে সামঞ্জস্যের বিষয়টি উল্লেখ করে আকাশসীমা ব্যবহারের ক্লিয়ারেন্স দিতে দেরির কারণ ব্যাখ্যা করেছিলেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাজ্জাদ হায়দার।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com