চিয়া সিড খাওয়ার সেরা সময় কখন

আপলোড সময় : ০৪-১০-২০২৬ ০২:৩৬:২১ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-১০-২০২৬ ০২:৩৬:২১ অপরাহ্ন
সকালের শুরুতেই এক গ্লাস পানিতে ভেজানো চিয়া সিড- স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে দিন দিন জনপ্রিয় হচ্ছে এই অভ্যাস। ক্ষুদ্র এই বীজে রয়েছে প্রচুর খাদ্যআঁশ, উদ্ভিজ্জ প্রোটিন, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্টসহ বিভিন্ন খনিজ। তবে চিয়া সিড খাওয়ার সেরা সময় কখন? 

পুষ্টিবিদদের মতে, নির্দিষ্ট কোনো সময় নেই। তবে সকালের নাশতা কিংবা মধ্যসকালের নাশতায় এটি খেলে দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সহায়তা করতে পারে।

সকালে চিয়া সিড 

সকালে চিয়া সিড খাওয়ার বেশ কিছু উপকারিতা রয়েছে। এতে থাকা প্রোটিন শরীরে ধীরে ধীরে শক্তি জোগাতে সহায়তা করে। অন্যদিকে, প্রচুর ফাইবার ক্ষুধা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। ফলে সকালের নাশতায় চিয়া সিড রাখলে দুপুরের খাবারের আগ পর্যন্ত বারবার ক্ষুধা লাগার প্রবণতা কমতে পারে।

পানির সংস্পর্শে চিয়া সিড জেলির মতো আকার ধারণ করে। এটি পাকস্থলীতে খাবারের পরিতৃপ্তি বাড়াতে এবং দীর্ঘক্ষণ পেট ভরা অনুভূতি দিতে সাহায্য করে। তবে শুধু সকালে নয়, দিনের যেকোনো সময় চিয়া সিড খেয়েও এর পুষ্টিগুণ পাওয়া সম্ভব।

চিয়া সিডের উপকারিতা

১. পুষ্টি: চিয়া সিডে রয়েছে ফাইবার, প্রোটিন ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড। পাশাপাশি ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, ফসফরাস, পটাশিয়াম, আয়রন ও জিঙ্কের মতো খনিজ উপাদানও পাওয়া যায়।

২. হৃদযন্ত্রের যত্ন: সুষম খাদ্যাভ্যাসের অংশ হিসেবে চিয়া সিডের ফাইবার ও ওমেগা-৩ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে। প্রদাহ কমানো এবং হার্টের স্বাস্থ্য ভালো রাখতেও এর ভূমিকা থাকতে পারে।

৩. ওজন নিয়ন্ত্রণ: ফাইবার ও প্রোটিন ক্ষুধা কমাতে এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। ফলে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা নিয়ন্ত্রণে রাখা সহজ হতে পারে।
 
৪. হজমে সহায়তা: চিয়া সিডের ফাইবার কোষ্ঠকাঠিন্য কমাতে এবং অন্ত্রের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সহায়ক।

৫. রক্তে শর্করা নিয়ন্ত্রণ: ফাইবার খাবার থেকে গ্লুকোজ শোষণের গতি ধীর করতে পারে। তবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে চিয়া সিডের কার্যকারিতা নিয়ে আরও গবেষণা প্রয়োজন।

৬. অ্যান্টিঅক্সিডেন্ট: চিয়া সিডে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষকে অক্সিডেটিভ স্ট্রেসজনিত ক্ষতি থেকে সুরক্ষায় ভূমিকা রাখে।

চিয়া সিড দই, স্মুদি, ওটস, ফল কিংবা পুডিংয়ের সাথে মিশিয়ে খেতে পারেন। স্যুপ, সালাদ ও প্যানকেকেও যোগ করা যায়। তবে খাওয়ার আগে একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে শুকনো চিয়া সিড সরাসরি খাবেন না। এটি দ্রুত পানি শোষণ করে ফুলে ওঠে, ফলে গলায় আটকে যাওয়ার ঝুঁকি থাকে। তাই পানি বা অন্য তরলে ভিজিয়ে কিংবা দইয়ের মতো আর্দ্র খাবারের সাথে মিশিয়ে খাওয়াই নিরাপদ।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com